আর জি কর কাণ্ডেও দোষীদের এনকাউন্টার করা হোক। এমনই ইচ্ছাপ্রকাশ করলেন পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নাবালিকা ধর্ষণ ও খুনে অভিযুক্ত এনকাউন্টারে মারা গিয়েছেন গতকাল, সোমবার। সেই বিষয়ে এদিন মন্তব্য করলেন আর জি কর কাণ্ডে নিহত তরুণী চিকিৎসক অভয়ার মা, পানিহাটির বর্তমান বিজেপি বিধায়ক রত্না দেবনাথ।
এদিন তিনি বিলেন, “যেভাবে আগের সরকার তথ্যপ্রমাণ লোপাট করত, আমার মেয়ের ক্ষেত্রে দেখেছি, তখন যদি আমাদের মতো মুখ্যমন্ত্রী থাকতেন এত জায়গা ঘুরতে হত না। সব অপরাধীরাই এনকাউন্টার হয়ে যেত।” রত্না আরও বলেন, “তৃণমূল জমানায় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। তিনি কীভাবে দায়িত্ব এড়িয়ে যাবেন? তাঁর জন্যই তো হয়েছে সব কিছু। তাঁর মদতেই হয়েছে। এই যে হাসপাতালে ভাঙচুর হল, কার নির্দেশে হয়েছিল? সন্দীপ ঘোষকে অপরাধী বানাল কে?” মেয়ের হত্যাকাণ্ডে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ তুলে তৎকালীন সরকার ও প্রশাসনের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
এদিন পানিহাটির বিধায়ক আরও বলেন, “আর জি কর কাণ্ডে অপরাধীদের ধরা হোক। শনাক্ত করে এনকাউন্টার করা হোক। অনেকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। যেহেতু সিবিআই তদন্ত চলছে, তাই আমি অপরাধীদের নাম বলব না। সকলের নামই আমার জানা।” রাজ্যে বিজেপি সরকার গঠনের পর বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জের পর রায়গঞ্জে চতুর্থ এনকাউন্টার হয়েছে। সেই বিষয়ে রত্না দেবনাথের বক্তব্য, “নারীদের সম্মান করতে জানে না, এমন অপরাধীদের বেঁচে থাকার অধিকার নেই। পরপর চারটে এনকাউন্টার মানে বাংলা চারটে অপরাধী থেকে বাংলা মুক্ত হল।” এনকাউন্টারে অপরাধ বাড়বে, বিরোধীদের যুক্তি উড়িয়ে অপরাধীদের ‘আরশোলা, টিকটিকি ও পোকা’র সঙ্গে তুলনা করেন তিনি। বলেন, “হিট স্প্রে করলেই এরা দমন হবে।”
