গুরুতর অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। পারিবারিক বিবাদের জেরে অসুস্থ হয়ে পড়েন তিনি। সংকটজনক অবস্থায় কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন। ভেন্টিলেশনে রয়েছেন তিনি। সূত্রের খবর, শরীরে বিষক্রিয়া রয়েছে তাঁর। তবে এই বিষয়ে কোনও পক্ষই কিছু জানায়নি।
শনিবার রাতে অসুস্থ হয়ে পড়েন বিধায়ক রেখা। তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটে। পাঠানো হয় বসিরহাট সুপারস্পেশালিটি হাসপাতালে। সিসিইউ-তে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। এরপরই কলকাতার মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই হাসপাতালের ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। সঙ্গে রয়েছেন পরিবারের সদস্যরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, পারিবারিক বিবাদের জেরে তিনি অসুস্থ হয়ে পড়েন। শরীরে বিষক্রিয়ার প্রমাণ মিলেছে বলে খবর। তবে এ বিষয়ে এখনও হাসপাতাল বা পরিবার কিছু জানায়নি। বিজেপির তরফেও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
উল্লেখ্য, বিধায়ক হওয়ার পর সন্দেশখালিতে তাঁর পারিবারিক জমি দিয়ে বিবাদ খবরের আসে। এক পুলিশকর্মীকে চড় মারারও অভিযোগ ওঠে রেখার বিরুদ্ধে। পরে অবশ্য তিনি ক্ষমা চান। সেই ঝামেলার পর থেকে রেখা খুব একটা সংবাদ মাধ্যমের সামনে আসতে দেখা যায়নি। তবে দিন পাঁচেক আগেই প্রশাসনিক সভায় তাঁকে দেখা গিয়েছিল। তারপরই শনিবার রাতে তাঁর শারীরিক অসুস্থতার খবর সামনে আসে। এখন তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
প্রসঙ্গত, সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠে ছিল তার অন্যতম মুখ ছিলেন রেখা। তারপর তিনি বিজেপিতে যোগদেন। ২০২৪ লোকসভা নির্বাচনে বসিরহাট আসনে দাঁড়ান তিনি হেরে যান। পরে ‘২৬ সালে বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জে বিধানসভা আসনে দাঁড়ান তিনি। জিতে বিধায়ক হন।
