বয়স ৮০ ছুঁইছুঁই। বৃদ্ধ বয়সে এসেও জেন জি জোয়ারে গা ভাসালেন সোনিয়া গান্ধী। বৃহস্পতিবার তিনি পা রাখলেন ইনস্টাগ্রামে। শেয়ার করেছেন নিজের প্রথম রিলও। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতেই প্রচুর ফলোয়ারও পেয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী। আগামী ১০ নভেম্বর প্রকাশিত হবে তাঁর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লভ’। সেই বইয়ের প্রথম ঝলকও দেখিয়েছেন ইনস্টাগ্রামে।
বর্তমানে সোনিয়ার বয়স ৭৯ বছর। কিন্তু বৃদ্ধ হলেও তরুণ প্রজন্মের মনে জায়গা করে নিতে চেয়েছেন তিনি। প্রায় তিরিশ হাজার ফলোয়ার ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন সোনিয়া। তবে তাঁর ফলোয়িং তালিকায় মাত্র তিনটি নাম-কংগ্রেস, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। মায়ের প্রথম ইনস্টাগ্রাম রিলে দেখা গেল প্রিয়াঙ্কাকেও। সোনিয়াকে জড়িয়ে ধরে তাঁর হাতে মিষ্টি তুলে দেন। মেয়েকে মৃদু বকুনি দিয়ে সোনিয়া বলেন, বড্ড বেশি ছবি তুলছ।
View this post on Instagram
নিজের প্রথম রিলে সোনিয়া বলেছেন, ‘এই মুহূর্তটা সকলের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি কৃতজ্ঞ। আমার বইয়ের প্রথম ঝলক। এই বইটা আমার ভালোবাসা, কর্তব্য, পরাজয় এবং নিজের জায়গা তৈরি করে নেওয়ার কাহিনি। আপনারা সকলে এই বই পড়বেন, এমনটাই আশা করি।’ উল্লেখ্য, এই বই নিয়ে ইতিমধ্যেই একগুচ্ছ বিতর্ক হয়েছে। প্রাথমিকভাবে সোনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশ করার কথা ছিল পেঙ্গুইন র্যান্ডম হাউস নামের প্রকাশনা সংস্থার। কিন্তু সূত্র বলছে, বইটিতে দেওয়া কিছু তথ্যে আপত্তি থাকায় সেটি প্রকাশ করতে আপত্তি জানায় পেঙ্গুইন।
সংস্থার তরফে সোনিয়াকে বইয়ের পাণ্ডুলিপিতে কিছু বদলের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব সোনিয়া মানতে নারাজ। সেকারণেই পিছু হটে সংস্থাটি। এসবের মধ্যেই নয়া প্রকাশক খোঁজার কাজ চলছিল। পেঙ্গুইন সরে যাওয়ার পর প্রথম আগ্রহ দেখায় হার্পার কলিন্স ইন্ডিয়া। শেষ পর্যন্ত তাঁদের সঙ্গেই চুক্তি চূড়ান্ত হয়। ভারতের বাইরে বইটি প্রকাশ করবে আলফ্রেড এ. নফ নামের প্রকাশনা সংস্থা। ওই সংস্থার সঙ্গে সরাসরি যোগ রয়েছে পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়ার। অথচ, ভারতে বইটি প্রকাশ করতে অস্বীকার করে পেঙ্গুইন। শেষে তাঁদের জায়গা নিল হার্পার কলিন্স।
Source: Sangbad Pratidin India (Bengali)
