বিশেষ অধিবেশন নয়, একেবারে নিয়মমাফিক শীতকালীন অধিবেশন ডাকতে চলেছে মোদি সরকার! দিনকয়েক আগে খবর ছড়ায়, আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে বিশেষ অধিবেশন ডাকছে কেন্দ্র। যেহেতু বাদল অধিবেশন এখনও সরকারিভাবে সমাপ্ত হয়নি, তাই আবারও সেই অধিবেশন চালু করবে মোদি সরকার, এমনটাই অনুমান ছিল। কিন্তু এবার শোনা যাচ্ছে, সটান শীতকালীন অধিবেশনই ডাকা হবে।
১৩ আগস্ট লোকসভা ও রাজ্যসভা উভয়ই অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হয়েছিল। তারপর ৯৪ দিন কেটে গিয়েছে। তবু শেষ হয়নি সংসদের বাদল অধিবেশন। ভারতের ইতিহাসে এতদিন ধরে অধিবেশন চলার নজির নেই। প্রথম থেকেই কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলি সুর চড়িয়েছিল বিষয়টি নিয়ে। কেন অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হচ্ছে না, কী উদ্দেশ্যে কেন্দ্র এখনও অধিবেশন চালিয়ে যাচ্ছে, সেই নিয়ে বারবার প্রশ্ন তুলেছে হাত শিবির। এহেন পরিস্থিতিতে শোনা যায়, আসন পুনর্বিন্যাস বিল পাশ করাতে খুব তাড়াতাড়ি বিশেষ অধিবেশন ডাকবে কেন্দ্র।
সূত্রের খবর, প্রায় ৬ মাস ধরে নানারকম প্রচেষ্টার পর অবশেষে আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংবিধান সংশোধন বিল পাশ করানোর জন্য দুই-তৃতীয়াংশের সমর্থন মিলেছে। মোদি সরকার এবার যথেষ্ট আত্মবিশ্বাসী এই বিল পাশ করানো নিয়ে। সেকারণেই আগামী কয়েকদিনের মধ্যে বিল পাশ করানোর জন্য বিশেষ অধিবেশন ডাকা হবে। এর আগে বিশেষ অধিবেশন ডেকেই পেশ হয়েছিল এই বহুচর্চিত বিল। সেবার ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠতা পেলেও সংসদের দুই-তৃতীয়াংশ সমর্থন মেলেনি। সেই ব্যর্থতা যেন আবার না ঘটে তার জন্য কোমর বেঁধে নেমেছে কেন্দ্র। একাধিক দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিজেপি নেতারা।
ডিএমকে, সমাজবাদী পার্টির মতো বেশ কয়েকটি দলের সমর্থন আদায় করতে পেরেছে বিজেপি, এমন খবরও ছড়াচ্ছে। সম্ভবত সেই সমর্থন জোগাড় করতেই কিছুটা সময় ব্যয় হচ্ছে। ততদিনে শীতকালীন অধিবেশনের সময় এসে যাবে। সেকারণেই মোদি সরকার হয়তো বিশেষ অধিবেশনের পথে আর হাঁটবে না। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শীতকালীন অধিবেশন শুরু করার কথা ভাবছে কেন্দ্র। ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে অধিবেশনের দিনক্ষণ নিয়ে। তাহলে আর মাসখানেকের মধ্যেই পাশ হয়ে যাবে বহু বিতর্কিত আসন পুনর্বিন্যাস বিল?
Source: Sangbad Pratidin India (Bengali)
