Hashtagintro

ইস্টবেঙ্গলের বেতন বকেয়া, আইএসএলের শুরুতেই ‘বয়কট’ আনোয়ারদের, কবে কাটবে জট?

এসিএল টু’তে দারুণ পারফরম্যান্স। এশীয় মিডিয়াতেও ইস্টবেঙ্গলকে নিয়ে চলছে আলোচনা। এহেন পরিস্থিতিতে অনুশীলন বন্ধের পথে হাঁটলেন লাল-হলুদ ফুটবলাররা। জানা গিয়েছে, মহম্মদ রশিদদের বেতন বকেয়া রয়েছে অনেকটাই। তাই আইএসএল অভিযান শুরুর আগে প্রতিবাদে শামিল হলেন ফুটবলাররা। ভক্তদের মনে প্রশ্ন, এইভাবে চলতে থাকলে সাফল্য আসবে কী করে?

মঙ্গলবার ইরাকের দল আল শোর্তার বিরুদ্ধে দারুণ খেলেও হেরেছে ইস্টবেঙ্গল। তার পরের দিন দেখা গেল, মাঠে এসেছেন আনোয়ার আলিরা। উপস্থিত কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসও। কিন্তু কেউই অনুশীলনে নামেননি বুধবার। বৈঠক করেন ফুটবলাররা। তারপর বেরিয়ে যান মাঠ ছেড়ে। কেন অনুশীলন করলেন না এডমুন্ড লালরিন্ডিকারা? জানা যায়, বেশ কয়েকদিনের বেতন বকেয়া রয়েছে লাল-হলুদ তারকাদের। এতদিন পর্যন্ত সেই সমস্যা নিয়েই মাঠে নেমেছেন, একের পর এক ম্যাচ খেলেছেন। কিন্তু এবার তাঁরা নীরব প্রতিবাদ করলেন।

আইএসএলে চ্যাম্পিয়নের ট্রফি ধরে রাখার অভিযানে রবিবার থেকে মাঠে নামছে ইস্টবেঙ্গল। চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ। কিন্তু সেই ম্যাচের আগে অনুশীলন বয়কট করল ইস্টবেঙ্গল। কেন এতখানি সমস্যা দেখা দিল লাল-হলুদ শিবিরে? তার প্রধান কারণ ইনভেস্টরের অভাব। তবে আইএসএলের আগে অচলাবস্থা কাটানোর চেষ্টা করছেন ইস্টবেঙ্গল কর্তারা, এমনটাই জানা গিয়েছে। শুক্রবারের মধ্যে ফুটবলারদের বেতনের কিছুটা অংশ মিটিয়ে দেওয়া হবে বলেও জানা গিয়েছে।

প্রসঙ্গত, ইমামি সরে দাঁড়ানোর পর থেকে নতুন ইনভেস্টর পায়নি ইস্টবেঙ্গল। প্রবল অর্থাভাবের মধ্যেই ডুরান্ড কাপ জিতেছেন প্রভসুখন গিলরা। এসিএল টু’তেও চমকপ্রদ পারফর্ম করছেন। কিন্তু আইএসএল শুরুর ঠিক আগে লাল-হলুদ শিবিরে লাগল ধাক্কা। সূত্রের খবর, ইস্টবেঙ্গলের হাতে ৪ কোটি টাকা রয়েছে কিন্তু নানা কারণে তা ব্যবহার করা সম্ভব হয়নি। কিন্তু প্রশ্ন উঠছে, আপাতত নাহয় পরিস্থিতি সামাল দেওয়া গেল। মরশুমের মাঝপথে ফের এমন সমস্যা হলে কী হবে? উত্তর অধরাই। তবে কর্তাদের আশা, আগামী কয়েকদিনের মধ্যেই ইনভেস্টর সমস্যা মিটে যাবে।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language