Hashtagintro

ই-বাইকে ঘুরতে বেরিয়ে পাড়া ক্রিকেটে পন্থ! হাঁকালেন ছক্কা, দ্বিতীয় টেস্টের আগে ভাইরাল ভিডিও

প্রথম টেস্টে ঝোড়ো সেঞ্চুরি হাঁকিয়েছেন। শুক্রবার শুরু দ্বিতীয় টেস্ট। তার আগে ব্যাটে মরচে পড়তে দিতে রাজি নন ঋষভ পন্থ। অনুশীলনে তো বটেই, তিনি যে ব্যাটিং করতে ভালোবাসেন, তার প্রমাণ আবারও মিলেছে ক্রাইস্টচার্চে। ই-বাইকে করে ঘুরতে বেরিয়ে নেমে পড়লেন পাড়া ক্রিকেটে। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।

বুধবার ক্রাইস্টচার্চের হ্যাগলি পার্কে ‘লাস্ট ম্যান স্ট্যান্ডস’ ক্রিকেট প্রতিযোগিতায় ওপেন হাউস সুইঙ্গার্সের হয়ে মাঠে নামেন পন্থ। প্রতিপক্ষ ছিল ‘দ্য চোজেন ওয়ান্স’। স্কোরকার্ডে অবশ্য তাঁর নাম লেখা হয়েছিল ‘স্ট্যান স্ট্যান’! কিন্তু নামের আড়ালে যে ভারতীয় ক্রিকেটের পরিচিত মুখ রয়েছেন, তা বুঝতে বেশি সময় লাগেনি। ২১ বলে ৫৪ রানের ইনিংসে ছিল একাধিক ছক্কা। দ্বিতীয় টেস্টের আগেই যেন নিজের বিধ্বংসী ব্যাটিংয়ের মহড়া সেরে নিলেন পন্থ।

কিন্তু কীভাবে স্থানীয় দলের হয়ে খেলার সুযোগ পেলেন টিম ইন্ডিয়ার এই উইকেটকিপার? ঘটনাটি বেশ মজার। ক্রাইস্টচার্চের শহরের রাস্তায় ইলেকট্রিক বাইক নিয়ে ঘুরছিলেন পন্থ। সেই সময় তাঁকে দেখতে পান ওপেন হাউস সুইঙ্গার্স দলের ক্রিকেটার মহম্মদ সাফি। এগিয়ে গিয়ে পন্থের সঙ্গে আলাপ করেন তিনি। কয়েকটি ছবিও তোলেন। কথার ফাঁকেই সাফি প্রস্তাব দেন, তাঁদের দলের হয়ে খেলবেন কি না। সাফির কথায়, “আমি দেখলাম, ঋষভ ই-বাইক নিয়ে ঘুরছে। ওর সঙ্গে কথা বললাম। কয়েকটা ছবিও তুললাম। তার পর জিজ্ঞাসা করলাম, আমাদের হয়ে ক্রিকেট খেলবে কি না?”

প্রস্তাবে শুনে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান। তাঁকে খুব বেশি বোঝানোর দরকারও পড়েনি। সাফির কথায়, “ও বলল, ঠিক আছে, তোমাদের হয়ে খেলতে আসব। তার পর মাঠে এসে প্যাড পরে ব্যাট করতে নেমে পড়ল। আর কয়েকটা ছক্কাও হাঁকাল।” মজার বিষয়, মাঠে নামার সময় পন্থকে প্রথমে চিনতেই পারেননি প্রতিপক্ষ দলের ক্রিকেটারেরা। নীল রঙের ট্র্যাকস্যুট পরে মাঠে নামেন তিনি। নিজের ক্রিকেট সরঞ্জামও সঙ্গে ছিল না। সাফি জানিয়েছেন, পন্থ ব্যাট করেছিলেন তাঁর এক কাকাতো ভাইয়ের ব্যাট দিয়ে। তাতেও অবশ্য ঝড় থামেনি।

টেস্ট ক্রিকেটে ছক্কা মারার নিরিখেও পন্থের রেকর্ড ঈর্ষণীয়। ৫৩টি টেস্টে তাঁর ছক্কার সংখ্যা ১০৮। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। ১২২ ম্যাচে ১৩৮ ছক্কা হাঁকিয়ে প্রথম স্থানে ইংল্যান্ডের বেন স্টোকস। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেও ঝোড়ো ব্যাটিং করেছেন ভারতীয় উইকেটকিপার। ১৫৩ বলে ১২৮ রানের ইনিংসে মেরেছিলেন ছ’টি ছক্কা। ক্রাইস্টচার্চে পন্থের এই আকস্মিক ক্রিকেট অভিযানের খবর পৌঁছে গিয়েছে ভারতীয় শিবিরেও। দলের বোলিং কোচ মর্নি মর্কেল তো শুনে কার্যত অবাক! তাঁর কথায়, “গত রাতে এটা দেখে তো প্রায় চেয়ার থেকে পড়ে যাচ্ছিলাম!”

পন্থের এই ভূমিকায় মুগ্ধ কিউয়ি অধিনায়ক টম লাথাম। তাঁর মতে, পন্থ বরাবরই মজার মানুষ। লাথামের কথায়, “ঋষভ দারুণ এক চরিত্র। লাস্ট ম্যান স্ট্যান্ডসের ক্রিকেটারদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়াটা তো খুব ভালো ব্যাপার।” উল্লেখ্য, শেষ পর্যন্ত ১৬ রানে ম্যাচ জেতে পন্থের দল ওপেন হাউস সুইঙ্গার্স। এবার অবশ্য নজর হ্যাগলি ওভালে। শুক্রবার থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে শুভমান গিলের টিম ইন্ডিয়া।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language