Hashtagintro

ঈশ্বরকে ধন্যবাদ টাইগারের মা আয়েশার, প্রশ্নের মুখে মুম্বইয়ের নিরাপত্তা, আরোগ্য কামনা সেলেবমহলের

ভরসন্ধ্যায় মুম্বইয়ের পুষ্পা পার্কের কাছে অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে হামলা। তাঁর গাড়ি লক্ষ্য করে কমপক্ষে পাঁচ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। রাজস্থানের কোটা স্টেশন থেকে গ্রেপ্তার তিন অভিযুক্ত। এদিনের ঘটনায় বরাত জোরে প্রাণে বেঁচেছেন অভিনেতা। ডান হাতে ব্যান্ডেজ, শরীরের একাধিক জায়গায় ড্রেসিং। অভিনেতাকে দেখতে এসেছিলেন একনাথ শিন্ডে, দিশা পাটানি, জোয়া আখতার। বর্তমানে কেমন আছেন ‘বাগি’ অভিনেতা? ছেলের উপর হামলার ঘটনায় মুখ খুললেন টাইগারের মা আয়েশা শ্রফ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে থাম্বস-আপ দেখিয়ে আশ্বস্ত করে বলেছেন, “ঈশ্বর মহান”। হামলার ঘটনায় আতঙ্কিত হয়ে আগামীতে ফুটবল মাঠ থেকে বেরিয়ে আর কোনও ভক্তের সঙ্গে সেলফি তুলবেন না। রবিবারের ঘটনায় তারকাদের নিরাপত্তার বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা থেকে রবি কিষান-সহ আরও অনেকেই।

সংবাদমাধ্যমর মুখোমুখি হয়ে বিজেপি সাংসদ উদ্বেগ প্রকাশ করে বলেছেন, “অত্যন্ত দুঃখজনক ঘটনা। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক এবং এর যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন। মহারাষ্ট্র পুলিশের উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। তদন্ত হবে এবং যারা দোষী সাব্যস্ত হবে তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। এটি অত্যন্ত উদ্বেগজনক ও গুরুতর একটি বিষয়। টাইগার খুবই নিরীহ। আমি মহাদেব ও মাতা রানির কাছে প্রার্থনা করি, তাঁরা যেন তাঁকে রক্ষা করেন। মহারাষ্ট্র পুলিশ এবং মহারাষ্ট্র সরকার এই ঘটনার তদন্তে কোনও রকম খামতি রাখছে না। খুব শীঘ্রই এই ঘটনার সঙ্গে জড়িত সকলকে গ্রেফতার করা হবে এবং তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।”

অভিনেতা রবি দুবের নিরাপত্তা নিয়ো প্রশ্ন তুলে বলেছেন, “নিরাপত্তার বিরাট গাফিলতি। আমি এখনও টাইগারের সঙ্গে কথা বলিনি। তবে স্বস্তির বিষয়, টাইগার নিরাপদে আছেন। ওঁর গাড়িচালক আহত হয়েছেন, দ্রুত আরোগ্য কামনা করছি। আশা করি, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করা হবে। তাহলেই সকলে কিছুটা স্বস্তি পাবে।”

বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘গতকাল আমাদের অত্যন্ত প্রিয় তারকা টাইগার শ্রফের উপর হামলা, হুমকি, তাঁকে লক্ষ্য করে আক্রমণ ও গুলি চালানোর মতো চাঞ্চল্যকর ও উদ্বেগজনক ঘটনা ঘটল। তিনি অত্যন্ত যোগ্য পিতার সুযোগ্য পুত্র। সত্যি বলতে, টাইগার অল্পের জন্য অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন, কিন্তু তাঁর দুর্ভাগা গাড়িচালক গুরুতরভাবে আহত হয়েছেন। মহারাষ্ট্রের মাননীয় মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীকে এই গুরুতর বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন বলে মনে হচ্ছে। জয় হিন্দ।’

পরিচালক অশোক পণ্ডিতের প্রতিক্রিয়া, ‘এই ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক কারণ এর সঙ্গে সরাসরি একজন মানুষের প্রাণনাশের আশঙ্কা জড়িয়ে রয়েছে। দিনের আলোয়, জনসমক্ষে অস্ত্র হাতে কয়েকজন এসে এলোপাথাড়ি গুলি চালিয়েছে। টাইগার শ্রফ যে প্রাণে বেঁচে গিয়েছেন, সেটাই সৌভাগ্যের বিষয়। বিশেষ করে এত কাছ থেকে গুলি চালানো হয়েছিল বলে। আমি এই হামলার তীব্র নিন্দা জানাই। আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, একথা অস্বীকার করার কোনও উপায় নেই। আমাদের ইন্ডাস্ট্রিতে এক ধরনের ‘ভয়ের মনস্তত্ত্ব’ তৈরি করা হচ্ছে যা আট ও নয়ের দশকের কথা মনে করিয়ে দেয় যখন আন্ডারওয়ার্ল্ডের দাপট ছিল এবং হুমকি ও ভয় দেখিয়ে নিজেদের আধিপত্য বিস্তার করত।’

গায়ক অমল মালিক টাইগারের আরোগ্য কামনা করে লিখেছেন, ‘টাইগারের অভিনয় প্রতিটি প্রজন্মকে আনন্দ দিয়েছে। আর আমি বুঝতেই পারছি না যে মানুষটা জেনে-বুঝে কখনও কারও কোনও ক্ষতি করেনি, যে আমার পরিচিত মানুষদের মধ্যে অন্যতম দয়ালু ব্যক্তি তাঁর জীবনেই এমন ঘটনা! দয়া করে নিজের খেয়াল রেখো, ভাই। তুমি জানো, আমি সবসময় তোমার পাশে আছি। এই মুহূর্তে, দয়া করে তোমার পরিবারের পাশে থাকো আর অন্য কারও কথা ভেবো না। মুম্বইয়ে এসব কী হচ্ছে, বলো তো!’

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language