১৩০ আসন চেয়ে জুটেছে মোটে ২৬টি আসনে লড়ার প্রস্তাব। কংগ্রেসের মতো সর্বভারতীয় দলের জন্য উত্তরপ্রদেশের মতো হিন্দি বলয়ের রাজ্যে এই সামান্য সংখ্যক আসনে লড়াই করাটা বেশ অসম্মানজনক। সমাজবাদী পার্টি মাত্র ২৫ আসনের অফার দিয়ে দলকে অপমান করেছে, সেটা মুখর হয়ে বলেছিলেন সাহারানপুরের কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ (Imran Masood)। কিন্তু তাতে দলের শীর্ষ নেতৃত্বের তরফে বাহবা তো দূর, উলটে জুটল তিরস্কার। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) বলে দিলেন, ‘আপনি কথা কম বলে কাজে নজর দিন।’
কংগ্রেস এবং সমাজবাদী পার্টি দু’পক্ষই জোটে আগ্রহী। দুই শিবিরই প্রকাশ্যে বলছে জোটের ব্যাপারে তাঁরা আন্তরিক। অথচ কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে, প্রকাশ্যে মতের মিল হলেও মনের মিল হচ্ছে না দুই শিবিরের। জোট আলোচনার শুরুতেই সমাজবাদী পার্টির কাছে ১৮১ থেকে কমে ১৩০টি আসনের প্রস্তাব দিয়েছিল কংগ্রেস। কিন্তু তাতেও পালটা ‘অসম্মান’ই জুটেছে। কংগ্রেসকে ২৬টি আসনে লড়ার প্রস্তাব দিয়েছে সমাজবাদী পার্টি। শুধু তাই নয়, ওই নামমাত্র অফার দেওয়ার পর নিজেদের মতো করে পাঁচ আসনে প্রার্থীও ঘোষণা করে দিয়েছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব।
তাতে ক্ষুব্ধ ইমরান মাসুদ বলে দিয়েছিলেন, “আমরা তো ভিখারি নই। এভাবে নিজের জোটশরিকের সঙ্গে লড়াই করে আপনি হাসিল করবেন? এটা তো জোটই নয়। জোটে তো সঙ্গীরা থাকে। ভিক্ষুকরা নয়। আমরা কোনও ভিক্ষা চাইছি না। আমরা আমাদের ভাগ চাইছি।” এখানেই শেষ নয়, ইমরান মাসুদ সোজা অখিলেশ যাদবকে নিশানা করে বলে দেন, “আপনার লড়াইটা বিজেপি বিরুদ্ধে নাকি আমাদের বিরুদ্ধে? আপনি যদি আমাদের গলায় পা রেখে তাজমহল বানানোর চেষ্টা করেন, আমরা তো হাত পা ছুড়বই।” অখিলেশকে নিয়ে আরও অনেক কথাই বলেছেন মাসুদ। যা বলেছেন সবটাই কংগ্রেসের স্বার্থে।
কিন্তু সেটা করতে গিয়েই পার্টি হাই কম্যান্ডের রোষানলে পড়লেন কংগ্রেস সাংসদ। খোদ দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলে দিলেন, “আমি ইমরান মাসুদকে দেখি সবসময় কিছু না কিছু বলছেন। খুব ভালো বলেন, দলের প্রতি আবেগ থেকেই বলেন। কিন্তু আমি বলব, কথাটা একটু কম বলে কাজে নজর দিন।” একই সঙ্গে ইমরানের প্রশংসাও করেছেন খাড়গে। তিনি বলেছেন, “মাসুদ সংসদেও রয়েছেন। দলের জন্য সবসময় লড়াই করেন।” কিন্তু খাড়গের বার্তাতেই স্পষ্ট, যেভাবে ইমরান মাসুদ পরপর সমাজবাদী পার্টিকে নিশানা করছেন, সেটা না পসন্দ কংগ্রেস হাই কম্যান্ডের। তাই একটু সমঝে দেওয়া হল ইমরানকে। এখানেই প্রশ্ন, তাহলে কি উত্তরপ্রদেশে অখিলেশের দেওয়া যৎকিঞ্চিত আসনেই সন্তুষ্ট থাকবে কংগ্রেস? কোনওরকম দরদামও করা হবে না?
Source: Sangbad Pratidin India (Bengali)
