অফলাইন জীবন ফিকে হয়ে ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছে অনলাইন জীবন। আর হবে নাই বা কেন? মাত্র কয়েকটা ক্লিকে যখন দুনিয়া চলে আসে হাতের মুঠোয়, তার প্রতি আকর্ষণ তো বাড়বেই। তবে যার এতগুলো ভালো আর উপযোগী দিক আছে,তার গভীর আর অন্ধকার দিক থাকবে না, এ অসম্ভব। এখন মুশকিল হল, এই দুই-দিক নিয়েই যথেষ্ট উৎসাহী ও কৌতূহলী আজকের টিন-এজারের দল। ডিজিটাল দুনিয়ায় অপরাধের সংখ্যা বাড়ছে ক্রমশ। এই অপরাধের পিছনে লুকিয়ে যারা, তারা এই দুনিয়ার ভালো-মন্দ বুঝে ওঠার আগেই সহজ উপায়ে লোক ঠকিয়ে রোজগার করা এবং বিলাসবহুল জীবনের স্বাদ চেখে নিয়েছে। ফলে, সেখান থেকে তাদের বের করে আনা আরও বেশি কঠিন।
পরিচালক অভিরূপ ঘোষের ‘কপ ইউনিভার্স’-এর দ্বিতীয় ছবি ‘মৃগয়া ১.৫ : দ্য হান্ট কন্টিনিউস’-এ এই ডিজিটাল গ্যাং-ই শত্রু। তাদের সঙ্গে মোকাবিলায় ইন্সপেক্টর দেবাঞ্জন দত্ত (ঋত্বিক চক্রবর্তী) ও এসিপি অগ্নীশ্বর চ্যাটার্জি (মীর আফসর আলি)। দেবাঞ্জনের টিমে রয়েছে মারকুটে অফিসার জয়িতা সেন (কৌশানী মুখোপাধ্যায়) এবং সাব-ইন্সপেক্টর পরিতোষ সাহা (অর্পণ ঘোষাল) যার বাংলা ভাষার প্রতি আলাদা-ই প্রীতি। গল্পের শুরু এক নাবালিকা ধর্ষণের ঘটনা দিয়ে। দেবাঞ্জন যখন এই অপরাধের কিনারা খুঁজতে শুরু করে তার টিম নিয়ে, তখনই বেরিয়ে আসতে থাকে একের পর একে ভয়ানক বাস্তব। প্রযুক্তি ব্যবহারে দক্ষ বুদ্ধিমান তরুণ-তরুণীরা বিপথে গিয়ে কীভাবে সমাজের কাছে ভয়ের হয়ে উঠতে পারে – সেই সত্যিই সটান সামনে চলে আসে তাদের।

২০২৫ সালের ছবি ‘মৃগয়া’র স্পিন অফ বা সিক্যুয়েল বলা যায় এই ছবিকে, যেখানে পরিচালক নতুন চরিত্র এনেছেন। প্রথমার্ধে তিনি গল্প সাজাতে খানিক সময় নিয়েছেন, ফলে দর্শকের ছবির গতি খানিক ধীর লাগতে পারে। তবে দ্বিতীয়ার্ধে সেটুকু পুষিয়ে দিয়েছেন। এই ছবিতে অপরাধের মোকাবিলার সঙ্গে সঙ্গে দেবাঞ্জন দত্তের গল্প বিশেষ প্রাধান্য পেয়েছে। শুধুমাত্র অপরাধীদের ধরার মৃগয়াই নয় – এই গল্পের সংলাপও একটু আলাদা। সৌমিত দেবের কলম যেমন মাঝেমাঝেই সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘২২ শে শ্রাবণ’-এর সংলাপ থেকে অনুপ্রেরণা নিয়েছে, তেমনই বাংলা ভাষার বিভিন্ন দ্ব্যর্থবোধক শব্দ নিয়েও অনায়াসচারণ করেছে, যা কিছু কিছু জায়গায় শুনতে মন্দ লাগে না। অরিত্র বন্দ্যোপাধ্যায়ের চিত্রনাট্য প্রথমার্ধে আরও বেশি টানটান হতে পারত। তবে দু’ঘণ্টার এই ছবিতে, অ্যাকশন দৃশ্যগুলি বেশ ভালো, বিশেষ করে শেষেরটা। অ্যাকশন ডিরেক্ট করেছেন পরিচালক অভিরূপ নিজে আর অ্যাকশন কোরিওগ্রাফিতে রয়েছেন মোহন।

দেবাঞ্জনের চরিত্রে ঋত্বিক চক্রবর্তী শুধু বুদ্ধিদীপ্ত নন, ফাইট সিনগুলিতেও তিনি দুর্ধর্ষ। কৌশানীর অ্যাকশন দৃশ্যের সঙ্গে সঙ্গে ‘এমন ওষুধ দেব, যে আর কোনও ওষুধেই কাজ হবে না’ মার্কা সংলাপ পর্দায় ভালো লাগে – যদিও কোনও কোনও সিকোয়েন্সে তাঁর বাংলা উচ্চারণ অস্পষ্ট মনে হয়। অর্পণের অভিনয়ে মাপা কৌতুক আর মনযোগী সহকর্মী, দুই রূপই যথাযথ মর্যাদা পেয়েছে। মীর অভিজ্ঞ অভিনেতা। পর্দায় তাঁর উপস্থিতি ভালো লাগে। শ্রেয়াংসীর চরিত্রে অনন্যা ভট্টাচার্য পরিশ্রমী অভিনয়ের ছাপ রেখে যান। পরিচালক অভিরূপ ঘোষ জানেন প্রথম ছবিটির সঙ্গে তুলনা আসতে পারে। তাই তিনি নির্মাণ কৌশলে অভিনবত্ব আনার চেষ্টা করেছেন। যা ভালোই লাগে। গল্পের শেষে দর্শকের জন্য চমকপ্রদ অতিথি উপস্থিতি রয়েছে। ক্লাইম্যাক্স এও জানান দিয়ে যায়, এই মৃগয়াই শেষ মৃগয়া নয়। পিকচার অভি বাকি হ্যায়!
