হিন্দি সিনেমার আগ্রাসনে ‘সাধক বামাক্ষ্যাপা’র শো বন্ধ হওয়া নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছিল, মঙ্গলবার নবান্নের বিশেষ বৈঠকে সেই সমস্যার সমাধানে বড় সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টলিপাড়ার তাবড় প্রযোজক, পরিচালক, সিনেপরিবেশক-সহ তারকাদের উপস্থিতিতে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, রাজ্যের প্রতিটি প্রেক্ষাগৃহে ৩টে থেকে ৯টা পর্যন্ত প্রাইম টাইমে চলবে বাংলা সিনেমার শো। আর এই নিয়মের অন্যথা হলে প্রেক্ষাগৃহের লাইসেন্স বাতিল হতে পারে। ‘সাধক বামাক্ষ্যাপা’ও সেক্ষেত্রে ব্যতিক্রম নয়। বাংলা সিনেমার (Bengali Films) পাশে দাঁড়ানোয় মুখ্যমন্ত্রীর এহেন সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। এবার সেপ্রসঙ্গেই মুখ খুললেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
“দক্ষিণী ছবি যদি সারা দেশে বাজার তৈরি করতে পারে, বাংলা ছবিরও ইতিহাস আছে। বাংলা ছবির পরিচালক-অভিনেতারা অন্য ভাষায় কাজ করে নাম কামিয়েছেন।…”
মঙ্গলবার গোড়ায় ‘হনুমান অংশ’-এর প্রসঙ্গ টেনে দিলীপ বলেছিলেন, “বাংলা, হিন্দি বলে কোনও কথা নেই। সাধক বামাক্ষ্যাপা চলেছে, যাঁরা দেখার দেখেছেন। নিম করলি বাবার জীবনী অবলম্বনে হনুমান অংশ নামেও একটি সিনেমা তৈরি হয়েছিল। সে নিজের জোরেই চলেছে। যেটা চলার ঠিক চলবে। যাঁরা ব্যবসায়ী, সিনেমা হলের মালিক, তাঁরা যদি মনে করেন যে অন্য সিনেমাতে ভালো লাভ হবে তাঁরা তো সেটাই করবেন। সিনেমা চলবে কি চলবে না, সেটা তো তার টেকনিক, কোয়ালিটির ওপর নির্ভর করে।” এবার আরও একধাপ এগিয়ে টলিউডের পরিচালক-প্রযোজকদের ‘স্ট্যান্ডার্ড বাড়ানোর’ নিদান দিলেন দিলীপ ঘোষ।

সংবাদমাধ্যমের কাছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সিদ্ধান্তের প্রশংসা করে দিলীপ বলেন, “এটা নিঃসন্দেহে খুব ভালো পদক্ষেপ। কিন্তু বাংলা ছবির সঙ্গে যুক্ত অভিনেতা-পরিচালকদের বলব, একটু স্ট্যান্ডার্ড বাড়ান। দক্ষিণী ছবি যদি সারা দেশে বাজার তৈরি করতে পারে, বাংলা ছবিরও ইতিহাস আছে। বাংলা ছবির পরিচালক-অভিনেতারা অন্য ভাষায় কাজ করে নাম কামিয়েছেন। আজকে বাংলা ছবির বাজে অবস্থা কেন? গত সরকার ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে এত রাজনীতি করেছে, তার ফল ভুগতে হচ্ছে! তবে আশা করা যায় এবার এই সরকার যুক্ত হওয়ায় ভালোই হবে। কিন্তু যারা সিনেজগতের সঙ্গে যুক্ত তাদের সিনেশিল্পের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। নতুন পরিচালক, অভিনেতাদের যেমন সুযোগ দিতে হবে, তেমনই নতুন প্রযুক্তি ব্যবহার করতে হবে। তাই মার্কেট ধরে রাখতে অন্য ছবির সঙ্গে লড়তে হবে।”
