হায়দরাবাদের ‘গণতন্ত্র বাঁচাও’ মিছিল থেকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তুলোধোনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর খোঁচা, নকল সংসদে প্রধানমন্ত্রী হওয়া উচিত ছিল রাহুলের। তাহলে অন্তত একদিনের জন্য ছেলেকে প্রধানমন্ত্রীর কুর্সিতে দেখে শান্তি পেতেন সোনিয়া গান্ধী। উল্লেখ্য, রবিবার চণ্ডীগড়ে এক সরকারি অনুষ্ঠানেও একই কথা বলেছিলেন শাহ।
গত শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে নকল সংসদ বসিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘জনতার ইমপিচমেন্ট’ পেশ করে ইন্ডিয়া জোট। যেখানে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগ এনেছে বিরোধী শিবির। প্রথম থেকেই এই মক পার্লামেন্টকে নাটক বলে কটাক্ষ করেছে বিজেপি। বারবার গেরুয়া শিবির দাবি করেছে, রাহুল গান্ধীকে নতুন করে লঞ্চ করতে চাইছে কংগ্রেস। সেকারণেই এমন মহা আয়োজন করেছে বিরোধীরা।
এই নকল সংসদেও বিরোধী দলনেতার ভূমিকাতেই অভিনয় করেছিলেন রাহুল। তারপর থেকেই বিজেপি বারবার নিশানা করেছে কংগ্রেস সাংসদকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘প্রধানমন্ত্রী হতে হলে রাহুলকে আজীবন নকল সংসদেই থাকতে হবে। আসল সংসদে ওনার নম্বর কোনওদিনই আসবে না।’ শাহ আরও বলেন, ১৫ বছর ধরে ৩টি নির্বাচনেই হেরে আসছে ওরা। ছেলেকে প্রধানমন্ত্রী দেখার স্বপ্ন সোনিয়াজির পূরণ হচ্ছে না। তাই এই নকল সংসদের আয়োজন।
সেই কথাই আরও আক্রমণাত্মক ভঙ্গিতে এদিন শোনা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কণ্ঠে। তাঁর কটাক্ষ, “নকল সংসদে প্রধানমন্ত্রী হতে পারতেন রাহুল। তাহলে সোনিয়াজি একদিনের জন্য হলেও শান্তি পেতেন। ছেলেকে প্রধানমন্ত্রী হিসাবে দেখার ইচ্ছাটুকু তো পূরণ হত।” উল্লেখ্য, রবিবারও অমিত শাহ বলেছিলেন, “আমি রাহুলকে বলতে চাই, যদি প্রধানমন্ত্রী হতে চান তাহলে আজীবন নকল সংসদেই থাকুন। কারণ আসল সংসদে সে সুযোগ আপনার আসবে না।” পাশাপাশি বিরোধী শিবিরকে কড়া সুরে আক্রমণ শানিয়ে শাহ বলেন, ”মিথ্যা বলা, অরাজকতা ছড়ানো, সংসদ চলতে না দেওয়া আপনাদের অভ্যাস। এই অভ্যাস থাকলে আরও ৫ বছর বিরোধী বেঞ্চেই থাকতে হবে। আগামী ৩টে নির্বাচনেও তোমাদের খাতা খুলবে না।
Source: Sangbad Pratidin India (Bengali)
