বাড়ির বাইরে টাঙানো জ্যোতিষী জয়দেব শাস্ত্রীর পোস্টার। বড় বড় করে লেখা, ‘ঠিকুজি-কোষ্ঠিবিচার বিচার করা হয়।’ ভাগ্য বাতলে দেওয়ার চেম্বার বাড়ির একতলাতেই। জয়দেব শাস্ত্রীর এই বাড়িতেই ঘটে গেল দুর্ভাগ্যজনক ঘটনা। বুধবার সন্ধেয় বাড়ি দরজা ভেঙে চলে লুটপাট। বাড়ির পাশের বাজার থেকে ফিরতেই চোখ কপালে উঠল দম্পতির। নগদ-সোনা মিলিয়ে প্রায় ৩০ লাখের সম্পত্তি লুটের অভিযোগ ত্রিবেণীর গৃহস্থ বাড়িতে।
হুগলি ত্রিবেনী ঘাটের কাছে বাড়ি জ্যোতিষী জয়দেব বৈরাগীর। ঘরে শয্যাশায়ী মা। জানা গিয়েছে, বুধবার রাত আটটা নাগাদ স্ত্রী-ছেলেকে নিয়ে ত্রিবেণী বাজারে ফুল-মিষ্টি কিনতে গিয়েছিলেন জয়দেব বৈরাগী। কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরে দেখেন সদর দরজার তালা ভাঙা, ঘরে ঢুকতেই দেখেন আলমারি খোলা, গোটা ঘর কার্যত লন্ডভন্ড। জানা গিয়েছে, সোনা-নগদ সহ প্রায় ৩০ লক্ষ টাকার সম্পত্তি লুট করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা।
বাড়িতে ডাকাতির ঘটনায় ভেঙে পড়ে গোটা পরিবার। বারবার জ্ঞান হারান জয়দেব শাস্ত্রীর স্ত্রী। জয়দেব বাবু জানিয়েছেন, “বাড়িতে শয্যাশায়ী মা। স্ত্রী ছেলেকে নিয়ে সন্ধ্যার পর বাজারে গিয়েছিলাম। ছেলে একটু আগে বাড়িতে ফিরে আসে। আমরা পাশেই একটা দোকানে মিষ্টি কিনছিলাম। ছেলে প্রথম দেখে বাড়ির দরজার তালা ভাঙা। তারপর আমরা এসে দেখি ঘরের আলমারি ভাঙা। আশেপাশে এত ঘর বাড়ি রয়েছে, এমন ভরসন্ধেয় এই ঘটনায় আমরা অবাক হয়ে যাচ্ছি।” স্থানীয় সূত্রে খবর, এলাকায় গত কয়েক দিনে চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা মৌমিতা রজক বলেন, “এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। আমরা চাই পুলিশ যথাযথ ব্যবস্থা নিক।” ঘটনার খবর পেয়ে জ্যোতিষীর বাড়িতে যায় মগড়া থানার পুলিশ।
