এক-দুই নয়, চার কার্তিক বিধায়কের দুয়ারে। সঙ্গে চিঠি, ২০০ জনের ভোজের বার্তাও। গতকাল, সোমবার রাতে বারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচির (Kaustuv Bagchi) বাড়িতে কার্তিক নিয়ে হাজির হয়েছিলেন দলেরই কর্মীরা। আজ, মঙ্গলবার পুজোর আয়জন করা হয় বিধায়কের বাড়িতে। খাওয়াদাওয়ার বন্দোবস্তও করা হয়। বাড়িতে কার্তিক পুজোর জন্য এদিন পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিল করেন বিধায়ক।
বারাকপুর সাংগঠনিক জেলার কর্মীরা চারটি কার্তিক মূর্তি নিয়ে সোমবার রাতে হাজির হয়েছিলেন বিধায়কের বাড়িতে। সঙ্গে ছিল একটি চিঠি। তাতেই পুজোর আয়োজনের পাশাপাশি খাওয়াদাওয়ার দায়িত্ব দেওয়া হয় বিধায়ককে। বিধায়ক সেই আবেদন গ্রহণ করেন। পুজোর প্রস্তুতির পাশাপাশি ভোজের আয়োজনেও ব্যস্ত হন পরিবারের সদস্যরা। বাড়ির পুজো, তাই মেনুতেও থাকছে নিরামিষ পদ। দিনভর রান্নাও হয়েছে বাড়িতে।

কিন্তু মেনুতে কী কী পদ থাকছে? জানা গিয়েছে, মেনুতে রয়েছে পোলাও, কচুরি, ছোলার ডাল, আলুর দম, পনির, চাটনি ও পাপড়, মিষ্টি। রাতে প্রায় ২০০ জনের খাওয়াদাওয়ার আসরও বসে। কর্মীদের এই কাণ্ডে অবশ্য শুধু রান্নাবান্নার প্রস্তুতিই বাড়েনি, বদলেছে বিধায়কের কর্মসূচিও। মঙ্গলবার সকালে কৌস্তভ ও তাঁর স্ত্রী প্রীতি, দু’জনেরই আদালতে যাওয়ার কথা ছিল। কয়েকটি মামলার শুনানি জুনিয়র আইনজীবীদের মাধ্যমে পিছিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন বিধায়ক। একইভাবে বাতিল করতে হয়েছে বেলডাঙায় ভারত সেবাশ্রম সংঘের অনুষ্ঠানও। কার্তিক মহারাজের আমন্ত্রণ থাকলেও সেখানে যাওয়া হয়নি তাঁর। বেলা বাড়তেই লোকজন বাড়িতে আসতে শুরু করে।
কৌস্তভের কথায়, “কর্মীরা মূলত মজা করেই কার্তিক ফেলেছেন। যাঁরা প্রতিমা নিয়ে এসেছেন, তাঁদেরই খাওয়ানোর কথা বলেছি। আলাদা করে কাউকে নিমন্ত্রণ করছি না।” বাড়ির আশপাশের মানুষজনকে নিয়েই প্রায় ২০০ জনের খাওয়াদাওয়ার আয়োজন। কর্মীদের এমন কাণ্ডে বেশ মজা পেয়েছেন স্ত্রী প্রীতিও। এদিন দিনভর বিধায়কের বাড়িতে হইচই দেখা গিয়েছে।
