Hashtagintro

এখন মনে পড়ছে? সোনিয়াদের সঙ্গে সাক্ষাতের আগেই ‘ভাই’ রাহুলকে খোঁচা, অনড় থাকার ইঙ্গিত স্ট্যালিনের

সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, মল্লিকার্জুন খাড়গেদের শেষ মুহূর্তের চেষ্টা সম্ভবত বিফলে যেতে চলেছে। কংগ্রেস-সহ ইন্ডি জোটের শীর্ষ নেতারা যতই তড়িঘড়ি চেন্নাই গিয়ে তাঁর সঙ্গে দেখার করার চেষ্টা করুন, ডিলিমিটেশন প্রশ্নে তাঁর অবস্থান যে বদলাবে না, সেটা একপ্রকার স্পষ্ট করে দিলেন ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিন। তিনি বলে দিলেন, “আমরা বরাবর তামিলনাড়ুর স্বার্থের পক্ষে সিদ্ধান্ত নিয়েছি। এবারও সেটাই করছি। ইতিহাস আমাদের বেইমান বলবে না।”

এপ্রিলে মোদি সরকার যখন প্রথমবার ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ আইন আনল, তখনও ডিএমকে ইন্ডি জোটের অংশ ছিল। বিলটির বিপক্ষে ভোট দিয়েছিলেন কানিমোঝিরা। তারপর জাতীয় রাজনীতিতে অনেক কিছু বদলেছে। তামিলনাড়ুতে ক্ষমতা হারিয়েছে ডিএমকে। তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থলপতি বিজয়ের হাত ধরেছে কংগ্রেস। সেই বিশ্বাসঘাতকার বদলা নেওয়ার ব্যাপারে একপ্রকার মনস্থির করে ফেলেছেন স্ট্যালিন। তাঁর দল ঘোষণাও করে দিয়েছে, ডিলিমিটেশনের ভোটাভুটিতে তাঁরা সরকারের পক্ষেই।

পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি কংগ্রেসের শীর্ষ নেতারা আসরে নেমেছেন। রাহুল গান্ধী নিজে, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা চেন্নাই উড়ে যাচ্ছেন ডিএমকে সুপ্রিমোকে বোঝাতে। চেন্নাই রওনা দেওয়ার আগে রাহুল পুরনো আবেগ উসকে দিয়ে স্ট্যালিনকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে লেখেন, “আমি ইন্ডি জোটের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে চেন্নাই যাচ্ছি স্ট্যালিনের সঙ্গে দেখা করতে। বড় দাদা স্ট্যালিন বরাবর তামিল বিরোধী শক্তির বিরুদ্ধে, দেশের স্বার্থে এবং সংবিধানের স্বার্থে পাথরের মতো দাঁড়িয়ে থেকেছেন। আমাদের যৌথভাবে এই বিলটিকে হারাতে হবে।” আসলে রাহুল প্রকাশ্যে অতীত মনে করিয়ে স্ট্যালিনকে প্যাঁচে ফেলতে চেয়েছিলেন। কিন্তু রাজনীতিতে ডিএমকে সুপ্রিমোও পাকা খেলোয়াড়। পালটা রাহুলকে ভাই বলে সম্বোধন করে খোঁচা দিলেন তিনিও। স্ট্যালিন বললেন, “ডিএমকে যে ঐতিহাসিকভাবে তামিল স্বার্থে লড়াই করে আসছে, সেটা মেনে নেওয়ার জন্য ধন্যবাদ। আমরা আবারও তামিলদের স্বার্থেই সিদ্ধান্ত নেব। ইতিহাস আমাদের বেইমান হিসাবে মনে রাখবে না।”

স্ট্যালিন যেটা ইঙ্গিতে বোঝাতে চেয়েছেন, সেটাই স্পষ্ট বলে দিয়েছেন ডিএমকের এক সিনিয়র সাংসদ। তাঁর সাফ কথা, “এতদিন স্ট্যালিনকে মনে পড়েনি। এখন যখন তাঁর সাংসদদের প্রয়োজন পড়ছে, তখন স্ট্যালিনকে মনে পড়ছে।” তিনি বলে দিচ্ছেন, “ডিএমকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। নেতারা অমিত শাহর সঙ্গে দেখা করে ফেলেছেন। এরপর আর আসার মানে কী?” তাঁর ইঙ্গিত স্পষ্ট, শেষবেলায় আর সিদ্ধান্ত বদলের প্রশ্ন নেই।

Source: Sangbad Pratidin Business (Bengali)

Read full article on Sangbad Pratidin Business (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language