Hashtagintro

ককরোচদের বিদেশি-যোগ আরও স্পষ্ট! জোরাল সমর্থন বাংলাদেশের হাসিনা বিরোধী ছাত্রনেতা নাহিদের

বছর দুই আগে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে শামিল হয়েছিলেন। তারপর তাঁর মুখে হাজারও ভারত-বিরোধী মন্তব্য শোনা গিয়েছে। এমনকী শিলিগুড়ি সীমান্তে ‘চিকেনস নেক’ নাকি বাংলাদেশ কেড়ে নেবে বলেও হুমকি দিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে বাংলাদেশ নির্বাচনে লড়ে অন্যতম বিরোধী নেতা হয়ে ওঠেন। এবার তিনি ভারতের ছাত্রদের আন্দোলনকে বিশেষত ‘ককরোচ’দের জোরাল সমর্থন জানালেন। বলা হচ্ছে, বাংলাদেশের হাসিনা-বিরোধী ছাত্রনেতা নাহিদ ইসলামের কথা। সম্প্রতি দিল্লিতে সিজেপি-র আন্দোলনকে সমর্থন জানিয়ে নাহিদ বললেন, ‘সংগ্রামের মাধ্যমে আমরা পরস্পরের সঙ্গে যুক্ত।’ ওয়াকিবহাল মহলের মত, এতদিন সিজেপিকে শক্তি জোগানোর নেপথ্যে যে বিদেশি-যোগের অভিযোগ উঠছিল, নাহিদের বক্তব্যে তা আরও স্পষ্ট হল।

ভোটচুরির অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ১০ অক্টোবর, শনিবার ককরোচ জনতা পার্টির ডাকা আন্দোলন ঘিরে বেশ উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি। পুলিশের চক্রব্যুহের মাঝেও আন্দোলনকারীরা যথেষ্ট নিজেদের লড়াই চালিয়েছে। সিজেপির অভিজিৎ দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কাদের আটক করে রাখলেও সাধারণ জনতা তাঁদের সমর্থন জানিয়ে রাজপথে নেমেছিলেন। এই খবর শনিবার দিনভর সমস্ত সংবাদমাধ্যমের শিরোনামে ছিল। তার মাঝে ওপার বাংলা থেকে উসকানি!

শনিবার নিজের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করে ছাত্রদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির প্রতিষ্ঠাতা তথা ছাত্রনেতা নাহিদ ইসলাম। লিখেছেন, ‘ভারতের যুব ও গণতান্ত্রিক শক্তিকে আমাদের তরফে সমর্থন। স্বচ্ছ নির্বাচন ও নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা যেভাবে প্রতিবাদে নেমেছেন, তা সাধুবাদযোগ্য। ব্যারিকেড দিয়ে, কোনও কিছুতে নিষেধাজ্ঞা আরোপ করে তা দমানো যাবে না। নির্বাচন কমিশনকে স্বচ্ছতার সঙ্গে জবাব দিতে হবে। জেনে রাখুন আপনারা একা নন। সীমান্তের বেড়া ভেঙে আমরাও সঙ্গে আছি।’ ওইদিন দিল্লিতে আটক ছাত্রনেতাদের সকলকে ছেড়ে দেওয়ার দাবিও তুলেছেন নাহিদ। তা নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে।

অনেকের মত, বাংলাদেশের আভ্যন্তরীণ গোলমালে কার্যত দাগি হওয়া নাহিদ এখন ভারতের ছাত্র বিক্ষোভকে সমর্থন জানিয়ে এখানেও অশান্তির ছক কষছেন। আরেক দলের মত, ককরোচ পার্টির পিছনে যে বিদেশি শক্তির মদত রয়েছে বলে বারবার অভিযোগ উঠছে, তার সত্যতাই প্রমাণ করলেন বাংলাদেশের ছাত্রনেতা নাহিদ ইসলাম।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language