Hashtagintro

কত গতি, কোন রুটে চলবে দেশের প্রথম বুলেট ট্রেন? প্রস্তাবিত মানচিত্রে রয়েছে বাংলার এই স্টেশন

সভ্যতার অন্যতম চিহ্ন গতি। গরুর গাড়ি থেকে শব্দের চেয়েও দ্রুত জেট বিমানের সাক্ষী হয়েছে মানুষ। বদল এসেছে রেলপথেও। বাষ্পচালিত ইঞ্জিন থেকে ইলেকট্রিক ট্রেনকে ছাপিয়ে এবার ভারতে ছুটবে হাইস্পিড বুলেট ট্রেন। এর জন্য অত্যাধুনিক পদ্ধতি তৈরি করা হয়েছে মুম্বই-আহমেদাবাদ হাইস্পিড করিডর। অন্যদিকে জোরকদমে ওই ট্রেন তৈরির কাজ করছে বেঙ্গালুরুর ‘ভারত আর্থ মুভার্স লিমিটেড’ বা বিইএমএল সংস্থা। স্বদেশি প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের বিশেষত্ব কী? যাত্রীস্বাচ্ছন্দ্য কতখানি? কত গতিতে কোন রুটে ছুটবে?

বেঙ্গালুরুর সংস্থা সূত্রে জানা গিয়েছে, আট কামরার ট্রেনটির দৈর্ঘ্য হবে ২০২ মিটার। সর্বাধিক ৫৫৭ জন যাত্রীর বসার জায়গা থাকবে ট্রেনে। এর মধ্যে দু’টি আসন প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। রেল সূত্রে আরও জানা গিয়েছে, আধুনিক প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনে থাকবে সাতটি ‘স্ট্যান্ডার্ড ক্লাস’ কামরা এবং একটি ‘এক্সিকিউটিভ ক্লাস’ কামরা। ট্রেনের দুই দিকেই থাকবে চালকের কেবিন। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে হাত-পা ছড়িয়ে বসার মতো প্রশস্ত জায়গা রাখা হচ্ছে কামরায়। থাকছে আধুনিক এলইডি আলো। অন্যান্য ট্রেনের মতোই কামরার উপর দিকে এবং নিচে ব্যাগ রাখার ব্যবস্থা থাকবে। যদিও আসল প্রশ্ন হল, কত গতিতে কোন রুটে ছুটবে বুলেট ট্রেন?

বেঙ্গালুরুর ‘ভারত আর্থ মুভার্স লিমিটেড’ সূত্রে জানা গিয়েছে, যদিও ট্রেনের গতি ঘণ্টায় সর্বোচ্চ ২৮০ কিলোমিটার। তথাপি বুলেট ট্রেন ছুটবে গড়ে ঘণ্টায় ২৪৯ কিলোমিটার গতিবেগে। ভারতে বর্তমানে হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। যার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার। বলা বাহুল্য, বন্দে ভারতের চেয়ে অনেক কম সময়ে যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেবে বুলেট ট্রেন। ইতিমধ্যে তৈরি গিয়েছে ৫০৮ কিলোমিটার দীর্ঘ মুম্বই-আহমেদাবাদ রুট। যেখানে চলবে দেশের প্রথম বুলেট ট্রেন। এই রুটে মুম্বই ও আহমেদাবাদ— দুই প্রান্তিক স্টেশনের পাশাপাশি পুণে স্টেশনের কাজ চলছে বলেই জানা গিয়েছে। বাংলার মাটিতেও কি ছুটবে বুলেট ট্রেন?

প্রাথমিকভাবে মুম্বই-আহমেদাবাদ রুটে চললেও পরবর্তীকালে দিল্লি-গুয়াহাটি রুটেও চলবে বুলেট ট্রেন। ছুঁয়ে যাবে উত্তর বঙ্গের শিলিগুড়ি স্টেশন। এছাড়াও আগরা, কানপুর, লখনউ, বারাণসী, পাটনায় দাঁড়াবে ট্রেনটি। প্রস্তাবিত ট্রেনপথ চালু হলে মাত্র ৮ ঘণ্টায় দেশের রাজধানী শহর দিল্লি থেকে অসমের রাজধানী গুয়াহাটিতে পৌঁছে যাবেন যাত্রীরা।

Source: Sangbad Pratidin India (Bengali)

Read full article on Sangbad Pratidin India (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language