ঘোষণা হয়েছিল অনেক আগেই। প্রাথমিকভাবে ডেডলাইন ঠিক করা হয়েছিল চলতি বছর জুন মাসে। সেই ডেডলাইন মিস হয়েছে। তবে ইপিএফও বদ্ধপরিকর। চলতি বছরই ওই পরিষেবা চালু হবে।
এটিএম থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার প্রক্রিয়া পরীক্ষামূলকভাবে শুরু করতে চলেছে ইপিএফও। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও-র তরফে কিছু দিন আগেই জানানো হয়, নিজের অ্যাকাউন্ট থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার ব্যবস্থা সহজতর করা হচ্ছে। প্রাচীন পদ্ধতির চেক পেমেন্টের পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফারের পর সরাসরি এটিএম থেকে টাকা তোলা। এই পথেই হাঁটতে চলেছে প্রভিডেন্ট ফান্ড অছি পরিষদ।
ইপিএফও ৩.০ নামের ওই প্ল্যাটফর্মে এটিএম ছাড়াও ইউপিআই ব্যবস্থার মাধ্যমেও টাকা তোলার ব্যবস্থা করা হবে, জানিয়েছে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক। জানা গিয়েছে, দ্রুত পরীক্ষামূলকভাবে ইউপিআই এবং এটিএমের মাধ্যমে পিএফের টাকা তোলার ব্যবস্থা চালু করা হবে। পাইলট প্রোজেক্ট সফল হলে চলতি বছর ডিসেম্বরেই পরিষেবা চালু হয়ে যাবে। সেক্ষেত্রে পিএফের টাকা তোলার বিস্তীর্ণ জটিলতা থেকে মুক্তি পাবেন কয়েক কোটি পিএফ সদস্য।
আসলে এতদিন পিএফ-এর টাকা তুলতে বেশ ঝক্কি সামলাতে হত। অনলাইনে ফর্ম ফিলাপ থেকে শুরু করে বেশ কয়েকটি ধাপ পেরিয়ে তবেই পাওয়া যেত টাকা। আবার অনেক ক্ষেত্রে আবেদন না-মঞ্জুর হওয়ার আশঙ্কাও থাকত। কিন্তু কেন্দ্রীয় সরকার এবার ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের আওতায় এই ব্যবস্থাকে সম্পূর্ণ আধুনিক করার সিদ্ধান্ত নিয়েছে। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই ব্যবস্থাকে এবার সরাসরি পিএফ অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করা হচ্ছে। এর ফলে জমানো টাকা তোলার গতি বেশ কয়েক ধাপ সহজ হয়ে যাবে। নতুন এই ব্যবস্থায় গ্রাহকরা তাঁদের মোট জমানো পিএফ ব্যালেন্সের ৭৫ শতাংশ পর্যন্ত টাকা ইউপিআই-এর মাধ্যমে মুহূর্তের মধ্যে তুলে নিতে পারবেন। বাকি ২৫ শতাংশ টাকা অবসরকালীন সঞ্চয় হিসেবে গচ্ছিত থাকবে। এই জমা টাকার ওপর আগের মতোই নিয়মিত সুদ দেবে সংস্থা।
