স্বামীর মঙ্গলকামনায় দিনভর উপোস। উত্তর ভারতের মহিলারা এই নিয়ম মেনেই ‘করবা চৌথ’ পালন করেন। কিন্তু সেই ব্রত পালন করেননি স্ত্রী, এমন ঘটনায় বেজায় ক্ষুব্ধ স্বামী বিচ্ছেদের হুঁশিয়ারি দিলেন। এমনকী গোটা ঘটনা জানিয়ে অভিযোগ দায়ের করলেন স্থানীয় থানায়। যুবকের অভিযোগ, আদতে স্ত্রী তাঁকে খুন করতে চায়। সবটা শুনে মাথায় হাত পুলিশের।
ঘটনাটি মধ্যপ্রদেশের (Madhya Pradesh) শিবপুরীর বিজরাওয়ান গ্রামের। অভিযোগকারী যুবকের নাম বারেলাল আদিবাসী। স্ত্রী মিথিলেশ আদিবাসীকে তিনি বিশ্বাস করেন না বলে পুলিশকে সাফ জানান। থানায় দায়ের করা অভিযোগপত্রে বারেলাল লিখেছেন, “ও (স্ত্রী) আমার জন্য করবা চৌথ ব্রত পালন করেনি। ও আসলে আমাকে মেরে ফেলতে চায়।” তিনি আরও জানিয়েছেন, “ও (স্ত্রী) আমার জন্য চন্দ্রপূজা করছে না। আমিই ওকে চাঁদের দিকে তাকাতে বলেছিলাম। এটি এমন এক আচার যা স্বামীর দীর্ঘায়ু কামনায় পালন করা হয়ে থাকে। কিন্তু মনে হচ্ছে, আসলে ও (স্ত্রী) আমার মৃত্যু চায়।”
থানায় হাজির হয়ে বারেলাল হুমকি দেন, স্ত্রী যদি কারওয়া চৌথ পালন না করেন, তাঁর মঙ্গলের জন্য উপোস না করেন, তবে বিচ্ছদের সিদ্ধান্ত নেবেন। এই অভিযোগ জানিয়ে তিনি পুলিশের কাছে যথাযথ পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। অভিযোগ পেয়ে পুলিশ তৎপর হয়েছে বলেই জানা গিয়েছে। কোলারসের সাব-ডিভিশনাল পুলিশ আধিকারিক সঞ্জয় মিশ্রা জানিয়েছেন, একজন মহিলা পুলিশ পুলিশকর্মীর সাহায্যে দাম্পত্যকলহ মেটানোর চেষ্টা করা হচ্ছে।
Source: Sangbad Pratidin Viral (Bengali)
