Hashtagintro

কলকাতা বিমানবন্দরের রানওয়েতে কুকুর, রেড অ্যালার্ট পেয়ে অণ্ডালে অবতরণ করল চেন্নাইয়ের বিমান

বিমানবন্দর অত্যন্ত কড়া সুরক্ষার জায়গা হলেও, সেখানেই ঘটে গেল অদ্ভুত কাণ্ড। কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে আচমকা ঢুকে পড়ল একটি পথকুকুর। আর এর জেরে ঘটতে পারত এক মারাত্মক দুর্ঘটনা। তবে এক পাইলটের উপস্থিত বুদ্ধি এবং এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের দ্রুত পদক্ষেপে রক্ষা পেল দুটি বিমানের বহু যাত্রীর প্রাণ। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দর চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বুধবার কলকাতা থেকে রাঁচিগামী ইন্ডিগোর একটি বিমান ওড়ার প্রস্তুতি নিচ্ছিল। বিমানটি রানওয়েতে পৌঁছনোর পর টেক অফের ঠিক আগের মুহূর্তে পাইলটের চোখে পড়ে রানওয়ের উপর একটি কুকুর ঘুরে বেড়াচ্ছে। বিপদ বুঝে পাইলট সঙ্গে সঙ্গে কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিষয়টি জানান। ঠিক সেই সময়েই চেন্নাই থেকে ইন্ডিগোর আরও একটি বিমান কলকাতায় অবতরণের মুখে ছিল। রানওয়েতে কুকুর থাকার খবর পাওয়া মাত্রই এটিসি-র আধিকারিকরা তৎপর হন। দুর্ঘটনার আশঙ্কায় ওই বিমানটিকে কলকাতায় নামার অনুমতি না দিয়ে তৎক্ষণাৎ বিকল্প পথে ঘুরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এটিসি-র নির্দেশ পেয়ে চেন্নাই থেকে আসা বিমানটি নিরাপদে অণ্ডাল বিমানবন্দরের দিকে রওনা দেয়।

পাইলটের নজর এবং এটিসি-র দ্রুত সিদ্ধান্তের ফলেই এড়ানো সম্ভব হয় বড়সড় দুর্ঘটনা। যাত্রীরা সুরক্ষিত থাকলেও, এই ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। রানওয়ের মতো এত সুরক্ষিত এবং গুরুত্বপূর্ণ একটি এলাকায় কড়া নজরদারি এড়িয়ে কীভাবে একটি কুকুর ঢুকে পড়ল, তা নিয়ে খতিয়ে দেখছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।

উল্লেখ্য, বুধবার সকালে কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি বিমান হাইজ্যাকের হুমকিবার্তা দেওয়া হয়। এই ঘটনায় সোদপুরের এক যাত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, ইচ্ছার বিরুদ্ধে তাঁকে আফ্রিকার একটি দেশে কাজে পাঠাচ্ছিল অফিস। ক্যানসার আক্রান্ত স্ত্রীকে রেখে বিদেশে যেতে রাজি ছিলেন না তিনি। সেই কারণেই হাইজ্যাকের গল্প সাজান। মূলত বিদেশযাত্রা বানচাল করতেই এই কাজ করেন তিনি।

Source: Sangbad Pratidin Business (Bengali)

Read full article on Sangbad Pratidin Business (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language