কাজের বরাতের জন্য এক কোটি টাকা তোলা! সেই টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার বিজেপি বিধায়কের অন্যতম ‘ঘনিষ্ঠ’। ঘটনা জানাজানি হতেই রাজনৈতিক মহলে জোর গুঞ্জন ছড়িয়েছে। ধৃতের নাম রিভা লামা। দার্জিলিঙের বিধায়ক নোমান রাইয়ের অন্যতম সঙ্গী হিসেবে এই রিভা এলাকার বিজেপি নেতা হিসেবেই পরিচিত। শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, ঠিকা কাজে বরাতের জন্য শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি মানিক অরোরা ও তাঁর পরিবারের থেকে এক কোটি টাকা নেওয়া হয়েছিল। ২০২৪ সালের জানুয়ারি মাসে সেই মোটা টাকা নেওয়া হয়েছিল!
অংশীদারি কাজে সমস্যা হলে রিভা লামাকে সেই টাকা দিতে বলা হয়েছিল। যদিও বিধায়কের অন্যতম সঙ্গী রিভা সেই টাকা ফেরত দিতে চাননি বলে অভিযোগ। এরপরেই থানায় রিভা লামার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। গতকাল রাতে বিধায়ক নোমান রাইয়ের সঙ্গেই শিলিগুড়ির একটি বিলাসবহুল শপিংমলে কফি পান করছিলেন রিভা। সেসময়ই মাটিগাড়া থানার পুলিশ সেখানে পৌঁছে রিফা লামাকে গ্রেপ্তার করে। সূত্রের খবর, বিধায়ক ওই সময় একাধিক পদক্ষেপ করেছিলেন রিভাকে রক্ষা করতে। কিন্তু কোনওভাবেই গ্রেপ্তারি এড়ানো যায়নি।
অভিযোগ, ২০২৪ সালের জানুয়ারিতে বর্তমান শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মানিক আরোরার দাদা ওই টাকা দিয়েছিলেন। ব্যাঙ্ক মারফত ওই টাকা ট্রান্সফার করা হয়েছিল বলে খবর। কিন্তু কেন এত বিপুল টাকা দেওয়া হয়েছিল? জানা গিয়েছে, সেবক থেকে রংপো পর্যন্ত একটি রেল টানেল তৈরি হচ্ছে। রংপোতে রেল স্টেশন তৈরি হবে। সেই স্টেশন তৈরিতে রেলের তরফ থেকে বরাত পাওয়ার জন্য ওই টাকা দেওয়া হয়েছিল। মানিক আরোরা ও তার দাদা এই টাকা রিভার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন।
রিভার সঙ্গে কাজের অংশীদারির কথা হয়েছিল বলে দাবি মানিকের। তবে রিভা চেয়েছিলেন ওই কাজে অরোরা পরিবারই সম্পূর্ণ অর্থ ব্যয় করুক। অংশীদারি থেকে সরে রিভার থেকে ওই টাকা দাবি করা হয়েছিল। কিন্তু কোনও টাকাই ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ। আইনি নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু সেখানেও কোনও প্রত্যুত্তর দেওয়া হয়নি বলে অভিযোগ। পুলিশের কাছে রিভার নামে অভিযোগ দায়ের হয়। এরপরেই পুলিশ তদন্তে নেমে গ্রেপ্তার করেছে পাহাড়ের এই বিজেপি নেতাকে।
