কাটা ঘুড়ি ধরতে ছুটে রাস্তায় চলে গিয়েছিল রাস্তায়। আকাশের দিকে নজর থাকায়, গাড়ি যে আসছে খেয়ালই করেনি ১১ বছরের বালক। দুরন্ত গতিতে আসা বাইকের ধাক্কায় ছিটকে পড়ল সে। কিছু সময়ের মধ্যেই মৃত্যু। কালীপুজোর আগের দিন বিকেলে মর্মান্তিক এই ঘটনা ঘটল হাওড়ার বাগনান এলাকায়। মৃত ওই বালকের নাম সোহন জানা। বাগনান – বাইনান রাস্তার খাজুট্টি মোড়ে এই দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে সোহন ঘুড়ি ওড়াচ্ছিল। হঠাৎই ঘুড়ির সুতো কেটে যায়। সেই কাটা ঘুড়ি ধরার জন্য ছুট দিয়েছিল সোহন। ছুটতে ছুটতে রাস্তার ধারে চলে এসেছিল ওই বালক। গাড়ি আসছে খেয়ালও করেনি। মুহূর্তে ঘটে যায় দুর্ঘটনা। একটি দ্রুতগতিতে আসা বাইক ধাক্কা মারে তাকে। বেশ কিছু দূরে ছিটকে পড়ে ওই বালক। রক্তে ভেসে যেতে থাকে চারপাশ।
স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। দ্রুত বাগনান গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষার পরে চিকিৎসকরা জানিয়ে দেন, আগেই মৃত্যু হয়েছে তার। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে যায় বাগনান থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহ উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ছেলের মৃত্যুতে বাড়িতে কান্নার রোল। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়। বেপরোয়া বাইকের গতি কমানোর দাবি তোলা হয়। স্থানীয় বাসিন্দা সুরজিৎ দাস বলেন, “রাস্তায় বাম্পার বসানো হয়েছিল। কিন্তু সেগুলো নষ্ট হয়ে যাওয়ায় বাইক চালকরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। দ্রুতগতিতে গাড়ি চলায় দুর্ঘটনা বেশি ঘটছে।” দুর্গাপুজো থেকে এখনও অবধি পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হল।
