প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সন্ধ্যায় মমতার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের কালীপুজোয় যান তিনি। সেখানে মায়ের আরতিও করেন। মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন বাবুন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুর উদ্দেশে বাবুন বলেন, “দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি।”
পরিকল্পনা ছিলই। সেই মতো মঙ্গলবার সন্ধ্যায় কালীঘাটে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে মমতার ভাই বাবুনের ক্লাবের কালীপুজোয় যান তিনি। গাড়ি থেকে নামতেই মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন বাবুন। তাঁকে মালা পরিয়ে স্বাগত জানানো হয়। এরপর মুখ্যমন্ত্রী কালী মাকে পরিয়ে দেন পদ্মের মালা। আরতিও করতে দেখা যায় তাঁকে। সেখান থেকে বেরিয়ে মমতার বাড়ির সামনে দিয়ে হেঁটে যান তিনি। সেই সময় মমতার উঠোনে ঘুটঘুটে অন্ধকার। মমতার বাড়ির সামনে থেকেই কালীঘাটে মমতার পাড়া হরিশ চ্যাটার্জি স্ট্রিটের আরও বেশ কয়েকটি কালীপুজোয় যান মুখ্যমন্ত্রী। রাস্তায় তিনি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগও করেন।
শুভেন্দু বেরিয়ে যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবুন বন্দ্যোপাধ্যায় বলেন, “দাদা বললেন, কালীপুজোয় তোমাদের কাছে আসতে পেরে ভালো লাগল। শুভেন্দু দার কাছে একটাই প্রার্থনা, দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি।” তবে ব্যস্ততার কারণে মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ বেশি কথা হয়নি বলেও জানান বাবুন।
এদিন কালীঘাটে অন্যান্য পুজোর পাশাপাশি সেবক সংঘ ও তরুণ যুবক সংঘ ক্লাবের পুজোতেও যান মুখ্যমন্ত্রী। বিজেপির অভিযোগ, এই দুটি পুজো উদ্বোধনের জন্যই শুভেন্দুকে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু তিনি আসতে পারেননি। এর মাঝেই শনিবার সেবক সংঘ ও রবিবার তরুণ যুবক সংঘ ক্লাবের পুজোর উদ্বোধন করে দেন মমতা। এই নিয়ে বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়ায়। মঙ্গলবার এই মণ্ডপগুলিতে উপস্থিত হয়ে বিসর্জনের আগের বিশেষ পুজোয় অংশ নিলেন শুভেন্দু অধিকারী। এই দুটি পুজোর মধ্যে সেবক সংঘের পুজোটি একেবারে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির উলটো দিকে হয়।
