দুর্গাপুজো, লক্ষ্মীপুজোয় সামান্য বৃষ্টি-কাঁটা থাকলে কালীপুজোয় তা কেটে যাওয়ার পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। সেই পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলিয়ে কালীপুজোর সকাল থেকে কলকাতা ও জেলাগুলিতে রোদ ঝলমলে আবহাওয়া। সেইসঙ্গে কমল তাপমাত্রাও। তবে কি কার্তিকের শীতের আগমন ঘটবে? এই প্রশ্ন উঠছে। হাওয়া অফিস অবশ্য আগামী সপ্তাহ থেকে বড়সড় হাওয়া বদলের ইঙ্গিত দিচ্ছে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি কমে দাঁড়িয়েছে ১৭-১৮ ডিগ্রিতে। দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ, কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সোমবার থেকে আবহাওয়ায় বিরাট পরিবর্তন দেখা যাবে। আবহবিদদের পূর্বাভাস, কালীপুজোর পর বৃষ্টি হতে পারে। সোমবার থেকেই আকাশের মুখভার থাকবে। রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে। উপকূলের কাছাকাছি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। মঙ্গলবার ও বুধবারও বৃষ্টির সম্ভাবনা সব জেলায়। তবে বৃহস্পতিবার থেকে ফের হাওয়া বদল, কমবে বৃষ্টির সম্ভাবনা।
