Hashtagintro

কালীমন্দিরের সামনে থেকে তুলে শিশুকে ধর্ষণ! ভাতারের ঘটনায় নিন্দা অভিষেকের

কালীপুজোর মধ্যেই ন্যক্কারজনক ঘটনা পূর্ব বর্ধমানের ভাতারে (Bhatar)। আট বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড় এলাকা। প্রতিবেশী রানা মণ্ডল নামে বছর ছাব্বিশের এক যুবকের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হলে তাঁকে আটক করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার একটি গ্রামে এদিন সোমবার এই ঘটনা ঘটে। নির্যাতিতা মেয়েটি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। তার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। ঘটনার তীব্র নিন্দায় নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন মমতা তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিজেপি সরকারের আমলে জঙ্গলরাজ চলছে বলে অভিযোগ তুলেছেন তিনি। 

জানা গিয়েছে, গ্রামে পাড়ার কালীমন্দিরের সামনে কয়েকজন বাচ্চা ছেলেমেয়ের সঙ্গে খেলা করছিল আট বছরের নাবালিকা। প্রকাশ্য দিবালোকে কালীমন্দিরের সামনে থেকে মেয়েটিকে তুলে নিয়ে যাওয়া হল মাঠের মাঝে। সেখানে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল পাড়ারই বাসিন্দা বছর ছাব্বিশের যুবকের বিরুদ্ধে। শিশুকন্যার দুঃসম্পর্কের এক দাদুর নজরে পড়লে তাকে উদ্ধার করে নিয়ে আসেন। এরপর পাড়াপড়শিরা অভিযুক্ত যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেন। অসুস্থ মেয়েটিকে প্রথমে ভাতার হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

ভাতার থানার একটি গ্রামের বাসিন্দা ওই নির্যাতিতার বাবা জনমজুরি করেন। পাড়ার কালীপুজোয় গিয়েছিল মেয়েটি। সকলের সঙ্গে খেলাধুলো করছিল। তারই মাঝে ঘটে গেল অঘটন। তাকে উদ্ধার করা ওই দুঃসম্পর্কের দাদু বলেন, ‘‘ওই মাঠের মাঝে একটা বাগান রয়েছে। সেখানে বেলপাতা পাড়তে গিয়ে আমার চোখে পড়ে, ওর (শিশুকন্যা) উপর রানা নির্যাতন চালাচ্ছে। সেই অবস্থায় আমি বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে আসি।” তিনি শিশুকে উদ্ধার করে কালীমন্দিরের সামনে নিয়ে এসে পরিবার ও প্রতিবেশীদের কাছে গোটা ঘটনা খুলে বলেন। তারপর পাড়ার লোকজন অভিযুক্তকে খুঁজে বের করে পুলিশের হাতে তুলে দেন।

নারী ও শিশুদের উপর এই ধরনের নির্যাতনের ঘটনা ঘটলে দোষীদের রেয়াত করা হবে না বলে আগেই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর থেকেই ইতিমধ্যে রাজ্যে একাধিক এনকাউন্টারের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতির মধ্যেই ফের সামনে এল আট বছরের নাবালিকাকে ধর্ষণের ঘটনা। নির্যাতিতার ঠাকুমার কথায়, ‘‘পাড়ার একজনের নজরে না পড়লে ওই অমানুষটা আমাদের মেয়েটাকে মেরেই দিত। আমরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language