১৯৯০ সাল। বাবরি মসজিদ ভাঙার সংকল্পে অযোধ্যা অভিমুখে এগোচ্ছিল হাজার হাজার করসেবক। তাঁদের রুখতে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব। ‘সংবিধানের সম্মান রক্ষায়’ এবং ‘গৃহযুদ্ধের পরিস্থিতি’ এড়াতেই ওই নির্দেশ দেওয়া হয়েছিল। ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের ৩৪ বছর পর ব্যাখ্যা দিলেন সমাজবাদী পার্টির বিধায়ক সনাতন পাণ্ডে। সম্প্রতি করসেবকদের উপর গুলি চালনোর ঘটনায় অখিলেশ যাদবকে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগ আদিত্যনাথ। এরপরেই এই মন্তব্য করলেন ‘সপা’ বিধায়ক।
সমাজবাদী পার্টির বিধায়ক সনাতন পাণ্ডে অভিযোগ করেন, ১৯৯০ সালের ঘটনাটিকে নিয়ে ক্রমাগত রাজনীতি করেছে বিজেপি। তিন দশকেরও বেশি সময় ধরে সাধারণ মানুষকে ভুল বুঝিয়েছে। এর দু’বছর পর ১৯৯২ সালের ৬ ডিসেম্বর হাজার হাজার করসেবক ষোড়শ শতাব্দীর বাবরি মসজিদটিকে বাস্তবেই ধ্বংস করে ফেলে। তাদের বিশ্বাস ছিল যে, অযোধ্যায় ভগবান রামের জন্মস্থান হিসেবে চিহ্নিত একটি প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষের ওপরই এই মসজিদটি নির্মিত হয়েছিল।
পালটা প্রশ্ন তুলেছেন সনাতন। তিনি জানতে চেয়েছেন, সাম্প্রতিক গণ-আন্দোলনগুলির সময় গুলি চালানোর যে অভিযোগ উঠেছে, তার জন্য কে দায়ী? বলা বাহুল্য, দিল্লি ও সারা দেশে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া বিক্ষোভের সময় তথাকথিত ‘পুলিশি নৃশংসতা’র দিকে ইঙ্গিত করেছেন সমাজবাদী পার্টির বিধায়ক। উল্লেখ্য, গত জুলাই মাসে বিহারে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় একজন পুলিশকর্তাকে একে-৪৭ থেকে গুলি চালাতে দেখা গিয়েছিল। এছাড়াও দিল্লিতে ছাত্রবিক্ষোভে পেলেট গান ব্যবহার নিয়েও সরব হয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
‘সপা’ বিধায়ক বলেন, “১৯৯১ সাল থেকে গত ৩৫ বছর ধরে ওরা (বিজেপি) মুলায়ম সিং যাদবের সমালোচনা করে আসছে। ওদের দাবি, তিনিই রামভক্তদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। ওরা একথা বলে জনসাধারণকে বিভ্রান্ত করেছে। কিন্তু আমাকে বলুন, ওদের নিজেদের শাসনকাল, অতি সম্প্রতি বিক্ষোভে গুলি চালানোর নির্দেশ কে দিয়েছিল? রাজ্যে তখন কাদের সরকার ছিল? কেন্দ্রে কাদের সরকার ছিল? যদি নেতাজি (মুলায়ম সিং যাদব) ভারতের সংবিধান রক্ষার জন্য গুলি চালানোর নির্দেশ দিয়ে থাকেন, তবে সেটি ছিল সম্পূর্ণ সঠিক পদক্ষেপ।”
সনাতন আর বলেন, “সেই সময় ভারতীয় সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছিল। তাদের প্রধান দায়িত্ব ছিল এটা নিশ্চিত করা যে, কেউ যেন বিতর্কিত ‘রাম মন্দির’-এর কাছে না পৌঁছাতে পারে। যেহেতু এই বিষয়ে আদালতের নির্দেশ ছিল। এরপরেও ‘রাম ভক্তরা’ কীভাবে সেখানে পৌঁছাতে পারলেন? এর দায়ভার কেন্দ্রীয় সরকারের ওপর যেমন বর্তায়, তেমনই আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা স্থানীয় কর্তৃপক্ষের ওপরও বর্তায়।” আরও যুক্তি দেন, তৎকালীন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব যে পদক্ষেপ করেছিলেন, তা একটি ভয়াবহ পরিস্থিতি রোখার জন্য। পরবর্তী সেই পরিস্থিতি বাস্তবেই তৈরি হয়েছিল। বাবরি মসজিদ ভাঙাতেই অশান্তির ইতি হয়নি। দেশজুড়ে ছড়িয়ে পড়েছিল সাম্প্রদায়িক দাঙ্গা। যাতে নিহত ও আহত হন অসংখ্য মানুষ। সঙ্গে সম্পত্তির ক্ষতি, ঘরছাড়া হয়। কালীমালিপ্ত হয় ভারতের সম্প্রতির ইতিহাস।
Source: Sangbad Pratidin India (Bengali)
