কেন সাংসদ পদ বাতিল করা হবে না? দফায় দফায় মোট পাঁচবার সময় চাওয়ার পর অবশেষে স্পিকারের কাছে এই প্রশ্নের জবাব দিলেন তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া ২০ জন সাংসদ। তাঁদের দাবি, উপযুক্ত নথি তাঁদের হাতে রয়েছে। সময়তোই সেগুলি জমা দেওয়া হয়েছে।
বাংলার বিধানসভা নির্বাচনে হারের পরই তৃণমূলের সংসদীয় দল ভেঙে দু’টুকরো হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো ২০ জন সাংসদ একযোগে এনসিপিআই নামের নামগোত্রহীন দলে যোগ দেন। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই-তে যোগ দিয়ে তাঁরা এনডিএ সরকারকে সমর্থনের কথা জানান। সেইমতো সংসদে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়দের আসন অদলবদলও হয়। কিন্তু এখনও এনসিপিআই সাংসদ হিসেবে তাঁরা স্বীকৃতি পাননি।
সেই ২০ সাংসদের পদ খারিজের দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, তৃণমূলের প্রতীকে নির্বাচিত হয়ে ওই সাংসদরা এনসিপিআইয়ের সঙ্গে গিয়েছেন। সংবিধানের দশম তফসিল অনুযায়ী তাঁদের সাংসদ পদ খারিজ হওয়া উচিত। পালটা তাঁদের অবস্থান, এটি বৈধ রাজনৈতিক সংযুক্তি। এতে দলত্যাগ বিরোধী আইন কাজ করবে না। এখন দলত্যাগবিরোধী আইনের আওতায় তাঁদের পদ থাকবে কি না, সেই সিদ্ধান্ত এখনও স্পিকারের হাতে।
এর আগে স্পিকারের কাছে একাধিকবার সময় চেয়েছেন এনসিপিআই সাংসদরা। পাঁচবার সময় দেওয়ার পর স্পিকারও জানিয়ে দেন, আর সময় দেওয়া যাবে না। মঙ্গলবারই ছিল তাঁদের নথি জমা করার শেষদিন। সূত্রের দাবি, ২০ জন সাংসদই একে একে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। নথি জমা দেওয়ার পর এনসিপিআই নেত্রী তথা তৃণমূলের প্রতীকে জিতে আসা সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেছেন, “কে বলেছে আমাদের নথি নেই। প্রথমে স্পিকারের কাছে সময় চেয়েছিলাম। এবার সঠিক সময়ে নথি জমা দিয়েছি।” মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে কাকলির বক্তব্য, “আগের দলের নেত্রীর থেকেই শিখেছি কীভাবে দলত্যাগ করতে হয়। আমরা তৃণমূলের জন্য অনেক কিছু ত্যাগ করেছি। কিন্তু অসম্মান ছাড়া কিছু পাইনি।” পালটা কাকলিদের ‘সুবিধাবাদী’ বলে তোপ দেগেছেন কালীঘাট তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
Source: Sangbad Pratidin India (Bengali)
