Hashtagintro

গাড়ির স্টিয়ারিংয়ে বসেই বিপত্তি! ঠাকুর দেখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু তৃণমূল নেতার

মহাষ্টমীর রাতে সপরিবারে ঠাকুর দেখে নিজেই গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু ফেরা আর হলো না! রাস্তা থেকে ধানজমিতে গাড়ি উলটে দুর্ঘটনা, মৃত্যু হল পুরুলিয়ার তৃণমূল নেতা বিশ্বরূপ মাঝির। তিনি আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। সোমবার রাতে আড়শার হেঁসলা মোড়ের কাছে এই দুর্ঘটনায় বিশ্বরূপবাবুর স্ত্রী ও দুই সন্তান হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, দুই সন্তানের চোট বেশ গুরুতর। এই দুর্ঘটনায় উৎসবের মাঝে শোকের আবহ জেলার রাজনৈতিক মহলে। এই ঘটনায় সোশাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেছেন পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো।

১৯ অক্টোবর, সোমবার রাত। আড়শার হেঁসলা মোড়ের কাছে বিশ্বরূপবাবুর এই গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে, নিজস্ব ছবি

সোমবার রাত ১১টা নাগাদ ঠাকুর দেখে সপরিবারে চার চাকার গাড়িতে বাড়ি ফিরছিলেন আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি। গাড়িটি নিজেই চালাচ্ছিলেন তিনি। আড়শা ব্লকের হেঁসলা মোড়ের অদূরে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। আড়শা-টামনা সড়ক ধরে বাড়ি ফেরার সময় হেঁসলা মোড় পেরনোর সময় রাস্তা থেকে প্রায় ৫০ মিটার দূরে ধানের জমির উপর গাড়িটি ছিটকে গিয়ে দু’বার উলটে যায়। মহাষ্টমীর রাতে তখনও ওই সড়কে বহু মানুষ আসা-যাওয়া করছেন। তাঁদের চোখের সামনে এমন দুর্ঘটনা ঘটতে দেখে উদ্ধারকাজে হাত লাগান। খবর দেওয়া হয় আড়শা থানার পুলিশকে। স্থানীয় মানুষজনের সাহায্যে আড়শা থানার পুলিশ তাঁদের উদ্ধার করে।

চারজনকে জখম অবস্থায় ওই গাড়ি থেকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিদের ওই হাসপাতালেই ভর্তি করা হয়। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। তবে বাকি তিনজনের মধ্যে বিশ্বরূপবাবুর দুই সন্তানের অবস্থা কিছুটা গুরুতর বলে জানা গিয়েছে। কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল, তা এখনও বোঝা যাচ্ছে না। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ওভাবে উলটে গেল নাকি রাস্তায় কোনও দুর্ঘটনা ঘটেছিল, সেসব জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language