উত্তরপ্রদেশের গোরক্ষপুরে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের ‘পিডিএ রথ যাত্রা’ চলাকালীন বড় দুর্ঘটনা। তাঁকে স্বাগত জানানোর জন্য আনা একটি বুলডোজারে পিষে মৃত্যু হল এক নাবালকের। সে স্থানীয় বিজেপি নেতার ছেলে। ঘটনাটিকে কেন্দ্র করে যোগীরাজ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সপা নেতার বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে গেরুয়া শিবির।
পুলিশ সূত্রে খবর, মৃত কিশোরের নাম আর্যবর্ধন সিং (১৪)। সে কেন্দ্রীয় বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা ওঙ্কার সিং শ্রীনেত গোরক্ষপুরে বিজেপির ‘নির্বাচন কমিশন যোগাযোগ বিভাগ’-এর সঙ্গে যুক্ত। ওঙ্কারের দাবি, বুধবার দুপুর ২টো নাগাদ অখিলেশের কনভয় ওই এলাকা দিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। ওই কিশোর তার বোনকে স্কুল থেকে নিয়ে আসার জন্য রাস্তা পার হচ্ছিল, ঠিক তখনই পিছন থেকে তাকে পিষে দেয় বুলডোজার। ওঙ্কার জানান, বুলডোজারটি অখিলেশের ‘পিডিএ রথ যাত্রা’র অংশ ছিল। মিছিলে সেটি ফুল ছড়াতে ছড়াতে যাচ্ছিল। অখিলেশের কনভয় চলে যাওয়ার পর সেটি দ্রুতগতিতে এগিয়ে আসে। জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিজেপি নেতার পুত্রের। আহত হয়েছেন চালকও।
বিজেপি নেতা বলেন, “পুলিশের তরফ থেকে খবর পেয়ে তড়িঘড়ি আমি ঘটনাস্থলে পৌঁছই। ছেলের মুখ হাঁ হয়ে ছিল, পাশে একটি পাইপ পড়ে ছিল। সারা শরীর ছিল রক্তে ভেজা। মাথার পিছনে ছিল গভীর ক্ষত। চিকিৎসকরা ছেলেকে সিপিআর দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।” গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। মৃতার বাবা অখিলেশের বিরুদ্ধে খুনের মামলার দাবি জানিয়েছেন। পাশাপাশি, তিনি রাজ্য সরকারের কাছেও কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছেন। দুর্ঘটনায় কার্যত দায় এড়িয়েছেন অখিলেশ। তিনি বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না। তাছাড়া, প্রশাসন কোনও ব্যবস্থাই নেয়নি। বিজেপির লোকজন যে কোনও ব্যক্তিকে মিথ্যা মামলায় জড়িয়ে দিতে পারে।” একইসঙ্গে তাঁর অভিযোগ, প্রশাসন যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।