‘বিগ বস ২০’র সঞ্চালনার চূড়ান্ত ব্যস্ততার মাঝেও সামাজিক দায়বদ্ধতা পালনে কোনও ত্রুটি রাখেন না সলমন খান। কাজের ফাঁকে সময় বের করে আইকনিক গ্যালাক্সিতে ভারতীয় জনতা যুবমোর্চার (BJYM) কোষাধ্যক্ষ পিএম সাইপ্রসাদ ও তাঁর স্ত্রীকে নৈশভোজে আমন্ত্রণ জানান ভাইজান। সোশাল মিডিয়া অ্যাকাউন্টে অভিনেতার সঙ্গে সৌজন্য সাক্ষাতের মুহূর্ত শেয়ার করে সলমনের সারল্য ও আন্তরিকতার প্রশংসায় পঞ্চমুখ পিএম সাইপ্রসাদ। সেই সুবাদে সলমনের অনুরাগীরাও গ্যালাক্সির অন্দরমহলের কয়েক ঝলক দেখার সুযোগ পেয়ে গেলেন আর কী!
সলমনের আতিথেয়তায় মুগ্ধ পিএম সাইপ্রসাদের স্ত্রীও। ভাইজানের সঙ্গে ছবি তুলে আনন্দে আপ্লুত। খান পরিবারের কাটানো সন্ধ্যা দুজনের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে। সোশাল মিডিয়া পোস্টে ঠিক এভাবেই সলমনের প্রতি তাঁদের ভালোবাসা শ্রদ্ধার বর্হিপ্রকাশ ঘটেছে। পিএম সাইপ্রসাদ লিখেছেন, ‘দারুণ কথোপকথন এবং আন্তরিক আতিথেয়তায় ভরা একটি স্মরণীয় সন্ধ্যা! আমার স্ত্রী ও আমাকে আপনার বাড়িতে নৈশভোজে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার উষ্ণ অভ্যর্থনায় আমরা সত্যিই মুগ্ধ।’
View this post on Instagram
সলমনের প্রশংসায় যখন মুখরিত সাইপ্রসাদ তখন পোস্টের মন্তব্য বক্সে ভাইজানকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। বহু অনুরাগী সেই পোস্টে লাল হৃদয় ও আগুনের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে নৈশভোজের নেপথ্যে বিশেষ কোনও কারণ ছিল কিনা সেবিষয়ে অবশ্য আপাতত কিছু জানা যায়নি। এই মুহূর্তে কর্মজগতে চূড়ান্ত ব্যস্ততা সলমনের। একদিকে ‘বিগ বস ২০’র সঞ্চালনা তো অন্যদিকে নতুন ছবি ‘মাতৃভূমি’ মুক্তির আগে শুরু হবে প্রচার।
চৈনিক ‘চাল শুধরে’ অবশেষে ছাড়পত্র পেয়েছে সলমনের ‘মাতৃভূমি’। সেন্সর বোর্ডের ছাড়পত্র পেতে নানা টালবাহানার মধ্য দিয়ে যেতে হচ্ছিল ‘ব্যাটেল অফ গালওয়ান’, থুড়ি ‘মাতৃভূমি’ নির্মাতাদের। অবশেষে ভাইজানের ভাগ্যে শিকে ছিঁড়েছে। গালওয়ান সংঘাতের প্রেক্ষাপটে তৈরি এই ছবির নতুন ভার্সনে ভারত-চীন সম্পর্ককে আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা হয়েছে বলে খবর। আসলে প্রতিরক্ষা মন্ত্রণালয় ছবিটির মূল বিষয়বস্তুর কিছু দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করার পরই চিত্রনাট্যে বদল আনতে হয়।