প্রধানমন্ত্রী আবাস যোজনায় উপভোক্তার নাম ‘গোয়ালঘর।’ কোনও ঠিকানা নেই। অথচ সেই অদ্ভুতুড়ে উপভোক্তার নামেই আবাস যোজনার ১ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ হয়ে গিয়েছে আগের তৃণমূল সরকারের আমলে। তদন্তে নেমে এমনই এক চাঞ্চল্যকর তথ্য মথুরাপুর ২ নম্বর ব্লক প্রশাসনের হাতে এসেছে। আবাস যোজনায় এমনই ভুয়ো উপভোক্তার বিষয়ে আরও বেশ কিছু অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার মথুরাপুর ২ নম্বর ব্লকে।
ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগের সরকারের আমলে আবাস যোজনায় ২৯ জন ভুয়ো উপভোক্তার হদিশ মিলেছে। অনেক খুঁজে শেষ পর্যন্ত ২৭ জনের ঠিকানা পেয়ে তাঁদের কাছে টাকা ফেরত চেয়ে নোটিস পাঠানো হয়। কিন্তু অধিকাংশই সেই টাকা ফেরত দেননি বলে অভিযোগ। আবাস যোজনায় নামখানা ব্লকেও এমন ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ ও ভুয়ো উপভোক্তার খোঁজ মিলেছে। সমস্ত অভিযোগেরই তদন্তে নেমেছেন দুই ব্লকের প্রশাসনিক আধিকারিকরা।
বলে রাখা ভালো, শুক্রবার নবান্নে আবাস যোজনায় দ্বিতীয় কিস্তির টাকা প্রদান অনুষ্ঠান ছিল। তৃণমূল আমলে এই প্রকল্পে যে ভুরি ভুরি দুর্নীতি হয়েছে তা নিজেই জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “১২ হাজার অযোগ্য প্রাপক টাকা পেয়ে গিয়েছেন। তাঁদের মধ্যে ১ হাজার টাকা ফেরত দিয়েছেন। বাকি ১১ হাজার বাকি। ৩০ নভেম্বরের মধ্যে তাঁদের টাকা ফেরত দিতে হবে। নইলে আইনি জটিলতায় পড়তে হবে।” এছাড়া ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ পাওয়া গিয়েছে। ৫৭ হাজার ভুয়ো প্রাপক। কীভাবে তাঁদের অ্যাকাউন্টে টাকা গেল তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কারা ওই ভুয়ো প্রাপকদের নাম সুপারিশ করলেন তা দেখতে হবে। প্রয়োজনে সেই আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দরকার হলে সিট গঠন করে সিআইডিকে দিয়ে তদন্ত করা হবে বলেও জানান তিনি। সকল স্তরে দুর্নীতি বন্ধ করাই শুভেন্দু সরকারের লক্ষ্য তা সাফ জানান মুখ্যমন্ত্রী।
