Hashtagintro

ঘরে ঘরে পূজিতা হন একজটা তারা, বাংলার তন্ত্রগ্রাম কোনটি জানেন?

সাড়ে তিনশো বছরের তন্ত্রসাধনার ঐতিহ্য, ঘরে ঘরে কালীপুজো আর একজটা তারা দেবীর আরাধনা – সবমিলিয়ে নদিয়ার ধুবুলিয়ার বেলপুকুরের পরিচিতিই তৈরি হয়েছে ‘তন্ত্রগ্রাম’ হিসেবে। কার্তিকী অমাবস্যা এলেই এই গ্রামে শুরু হয় তিনশোরও বেশি কালীপুজোর আয়োজন। অধিকাংশ বাড়িতেই দেবীর আরাধনা হয় তন্ত্রমতে। কোথাও বংশপরম্পরায় চলে আসা পারিবারিক পুজো, কোথাও আবার একই দালানে পাশাপাশি পূজিতা হন তিনটি কালীমূর্তি। বাংলার বহু প্রাচীন ধর্মীয় পরম্পরা সময়ের সঙ্গে হারিয়ে গেলেও বেলপুকুরে আজও অক্ষুন্ন কয়েকশো বছরের সাধনা ও বিশ্বাসের ঐতিহ্য।

এই বিশেষ পরিচয়ের সূত্রপাত প্রায় সাড়ে তিনশো বছর আগে। প্রচলিত কাহিনি অনুযায়ী, নদিয়ারাজ রুদ্র রায়ের আমলে বাংলাদেশের ঢাকা বিক্রমপুরের কনকসার গ্রাম থেকে তন্ত্রসাধক রামচন্দ্র ভট্টাচার্য বেলপুকুরে আসেন। একজটা তারা মন্ত্রে সাধনা করে সিদ্ধিলাভের পর রাজা রুদ্র রায়ের কাছ থেকে নিষ্কর জমি পেয়ে তিনি সেখানে বসবাস শুরু করেন। তাঁর বংশধরেরা পারিবারিক পরম্পরায় একজটা তারা মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন। তাঁদের হাত ধরেই বেলপুকুরে তন্ত্রসাধনা ও শক্তি আরাধনার বিশেষ ধারা প্রতিষ্ঠা পায়।

এই গ্রামের তন্ত্রসাধনার অন্যতম বৈশিষ্ট্য একজটা তারা দেবী। তন্ত্রমতে শ্মশানের জ্বলন্ত চিতার উপর যে দেবীর আরাধনা করা হয়, সেই দেবীই রামচন্দ্র ভট্টাচার্যের বংশধরদের ইষ্টদেবী ও কুলদেবী। আশ্চর্যের বিষয়, শ্মশানের সেই উগ্র তন্ত্রদেবীই পরিবারের ঘরের সিংহাসনে লক্ষ্মীর মতো, ঘরের মেয়ের মতো পূজিতা হন। পরবর্তী সময়ে নদিয়ারাজদের পৃষ্ঠপোষকতায় গ্রামের বিভিন্ন পরিবারে তন্ত্রমতে কালীপুজোর প্রচলন শুরু হয়। ধীরে ধীরে সেই পুজো ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। স্থানীয়দের দাবি, কার্তিকী অমাবস্যায় বেলপুকুরে তিনশোরও বেশি কালীপুজো অনুষ্ঠিত হয়। রামচন্দ্র ভট্টাচার্যের বংশধরদের বড় বাড়ি, মেজো বাড়ি, ছোট বাড়ি এবং ন’বাড়ির পুজো আজও বিশেষ গুরুত্ব বহন করে। পারিবারিক সূত্রে ন’বাড়িতে রয়েছে মহাশঙ্খের জপমালা, বড় বাড়িতে রয়েছে তারা যন্ত্র। ছোট বাড়িতে পূজিতা হন দেবী চণ্ডী ও কান্তেশ্বর শিব। পরিবারের সদস্যদের কাছে এই সমস্ত উপকরণ কয়েকশো বছরের সাধনা ও বিশ্বাসের স্মারক।

প্রজন্মের পর প্রজন্ম ধরে নির্দিষ্ট নিয়ম মেনে এই বাড়িগুলিতে পুজো হয়ে আসছে। পুজোর মন্ত্র, আচার-অনুষ্ঠান থেকে ভোগ নিবেদন – প্রতিটি ক্ষেত্রেই রয়েছে নিজস্ব পারিবারিক পরম্পরা। বেলপুকুরের মুহুরীপাড়ার কালীপুজোরও রয়েছে বিশেষ আকর্ষণ। একই দালানে তিন বোনের মতো পাশাপাশি পূজিতা হন তিনটি কালীমূর্তি। গ্রামের বিভিন্ন বাড়িতে পুজোর আয়োজন ঘিরে তৈরি হয় উৎসবের আবহ। পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে বলি প্রথাও। আগে অধিকাংশ বাড়িতে ছাগ বলির প্রচলন থাকলেও বর্তমানে অনেক পরিবার সেই প্রথা বন্ধ করেছে। সময়ের সঙ্গে রীতিতে পরিবর্তন এলেও দেবীর আরাধনায় নিষ্ঠা ও পারিবারিক বিশ্বাস আজও অটুট। বেলপুকুরের পুজোর আরও একটি উল্লেখযোগ্য দিক বিসর্জনের নিয়ম। প্রচলিত পারিবারিক রীতি অনুযায়ী, প্রথমে গুরুবাড়ির প্রতিমা নিরঞ্জন করা হয়। তার পর পর্যায়ক্রমে অন্য বাড়ির প্রতিমা বিসর্জন দেওয়া হয়। রামচন্দ্র ভট্টাচার্যের বংশের বাড়ির প্রতিমা সূর্যাস্তের আগে কাঁধে করে ঘাটে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়ার রীতিও রয়েছে।

তবে বেলপুকুরের ইতিহাস শুধু তন্ত্রসাধনা ও কালীপুজোয় সীমাবদ্ধ নয়। গ্রামের বাচস্পতি পাড়ার সঙ্গে জড়িয়ে রয়েছে শ্রীচৈতন্য মহাপ্রভুর মাতামহ নীলাম্বর চক্রবর্তীর স্মৃতি। স্থানীয় ঐতিহাসিক পরম্পরা অনুযায়ী, এই এলাকাতেই ছিল তাঁর বসতবাড়ি। পাশাপাশি গ্রামের মদনগোপাল মন্দির এখানকার বৈষ্ণব সংস্কৃতির পরিচয় বহন করে। ফলে একই জনপদে শক্তি আরাধনা ও বৈষ্ণব ঐতিহ্যের এক ব্যতিক্রমী সহাবস্থান দেখা যায়। কার্তিকী অমাবস্যায় বেলপুকুরের বিভিন্ন পাড়ায় পুজো দেখতে ভিড় করেন দূরদূরান্তের মানুষ। আত্মীয়স্বজনের সমাগমে মুখর হয়ে ওঠে গ্রামের প্রতিটি বাড়ি। অনেক পরিবারের কাছে এই পুজো শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং বংশপরম্পরায় চলে আসা পরিচয় ও আবেগের অংশ। প্রবীণদের কাছ থেকে পুজোর ইতিহাস ও রীতিনীতি শিখে নিচ্ছে নতুন প্রজন্মও। আধুনিকতার প্রভাবে বহু প্রাচীন লোকাচার ও পারিবারিক পুজো হারিয়ে গেলেও নদিয়ার বেলপুকুরে আজও বেঁচে রয়েছে সাড়ে তিনশো বছরের তন্ত্রসাধনার ঐতিহ্য।

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language