জয়গাঁয় নাবালিকাকে গণধর্ষণ-খুনের ঘটনায় মূল দোষীকে ফাঁসির সাজা শোনাল আলিপুরদুয়ার (Alipurduar) বিশেষ পকসো আদালত। অন্য তিন দোষীকে আজীবন কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। ঘটনার দুই বছরের মধ্যে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল আদালত। এই মামলার বিশেষ সরকারি আইনজীবী দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায় এই খবর জানিয়েছেন।
২০২৪ সালের ১৪ অক্টোবর জয়গাঁয় এই ঘটনাটি ঘটে। সাত বছরের এক নাবালিকাকে চাউমিন খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায় কয়েকজন। এরপর তাকে গণধর্ষণ করে খুন করা হয়। প্রমাণ লোপাটের জন্য মৃত নাবালিকার শরীরে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় ২২ অক্টোবরই নেপাল সীমান্ত থেকে মূল অভিযুক্ত বাবলু মিয়াকে (৫০) গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের পর জয়গাঁর ডালডাবাড়ি এলাকা থেকে আধপোড়া নাবালিকার দেহটি উদ্ধার করে পুলিশ। এছাড়া ওই দিনই এই ঘটনায় জড়িত আরও দুইজন মনীর হোসেন (৫৭) ও জয়রুল ইসলাম (৪১)-কে গ্রেপ্তার করা হয়। পরের দিন ২৩ অক্টোবর এই ঘটনায় যুক্ত আরও একজন মজিবুল ইসলাম (৪০) গ্রেপ্তার হয়।
নাবালিকাকে গণধর্ষণ, খুন ও মৃতদেহে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় ধৃত ৪ জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। ঘটনার ৫২ দিনের মাথায় আদালতে চার্জশিট জমা দিয়ে নজির গড়ে পুলিশ। দুই বছরের মধ্যে এই পাশবিক ঘটনায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল আদালত।
