চাকরি বাঁচাতে চাইলে আগে হিন্দি শিখুন! না হলে চাকরি ছেড়ে বেরিয়ে যান। কর্মীদের ঠিক এই ভাষাতেই নিদান দেওয়ার অভিযোগ উঠল বেঙ্গালুরুর (Bengaluru) জোম্যাটোর এক গুদামের সুপারভাইজার। যা ঘিরে বিতর্কের ঝড় উঠেছে।
জানা গিয়েছে, অভিযুক্তের নাম অশোক। তিনি অন্ধপ্রদেশের বাসিন্দা। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। সেখানে অশোককে কর্মীদের উদ্দেশে বলতে শোনা গিয়েছে, “আমি কন্নড় জানি না। আমি হিন্দিতেই কথা বলব। এখানে কাজ করতে হলে হিন্দি শিখতে হবে। আর যদি চাকরি ছেড়ে দিতে চান, তাহলে চলে যান। আমার কিছু যায় আসে না।” ভিডিওতে এক কর্মীকে বলতে শোনা গিয়েছে, “এটা কর্নাটক।” জবাবে অশোক চিৎকার করে বলেন, “তাতে কী? আমি হিন্দিতেই কথা বলব।” এরপরই তিনি কর্মীদের দু’টি বিকল্প দেন। বলেন, “হয় হিন্দি শিখুন, না হলে চাকরি ছেড়ে দিন।”
অশোকের এই ভিডিওটি ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। বিতর্কের মুখে কন্নড় ভাষায় ক্ষমা চেয়ে নেন তিনি। তবে সূত্রের খবর, অশোকের বিরুদ্ধে মাদানায়েকানাহাল্লি থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। কন্নড়-পন্থী কর্মীরা জোম্যাটোর ওই গুদামের সামনে জড়ো হয়ে সুপারভাইজারের অপসারণের দাবি জানান। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তাঁরা। একটি ভিডিওতে অশোক হাতজোড় করে কন্নড় ভাষায় ক্ষমা চেয়ে বলেন, “আমি আমার মন্তব্যের জন্য ক্ষমা চাইছি। ভবিষ্যতে এমন ভুল আর না হবে না।”
