Hashtagintro

চার ‘সেনা’ দেশেই শূন্য! লজ্জার নজিরে কোহলিকে পিছনে ফেললেন যশস্বী

ঘরোয়া ক্রিকেটে রান ছিল না। ভারত ‘এ’ দলের হয়ে বেসরকারি টেস্টেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। নিউজিল্যান্ড সফরে এসে প্রথম টেস্টে ব্যাটিং সহায়ক পিচে ৮৫ রান করে কিছুটা স্বস্তি ফিরিয়েছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। কিন্তু ক্রাইস্টচার্চে দ্বিতীয় ইনিংসেই ফের ব্যর্থ তরুণ ওপেনার। এবার শূন্য রানে আউট হয়ে লজ্জার নজির গড়ে টপকে গেলেন বিরাট কোহলিকে।

শনিবার ক্রাইস্টচার্চে মাত্র ছ’টি বল স্থায়ী হল যশস্বীর ইনিংস। ম্যাট হেনরির প্রথম ওভারের শেষ বলে সাজঘরে ফিরলেন তিনি। তখনও ভারতের স্কোরবোর্ডে কোনও রান ওঠেনি। শূন্যে ফিরে লজ্জার নজিরও গড়লেন বাঁহাতি তারকা। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া– চার ‘সেনা’ দেশেই টেস্টে শূন্য রানে আউট হওয়া প্রথম ভারতীয় ওপেনার হলেন যশস্বী। কিউয়িভূমে টেস্টে এই প্রথম শূন্য রানে ফিরলেন তিনি। সব মিলিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আটবার শূন্য রানে আউট হলেন ভারতীয় ওপেনার।

‘সেনা’ দেশগুলিতে যশস্বীর এটি ১৪তম টেস্ট। এর মধ্যে ছ’বার শূন্য রানে আউট হয়েছেন তিনি। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে পাঁচটি করে টেস্ট খেলে দু’বার করে শূন্য রানে ফিরেছেন। দক্ষিণ আফ্রিকায় দু’টি টেস্টে একবার শূন্য করেছেন। নিউজিল্যান্ডে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই প্রথম বার শূন্য রানে আউট হলেন তিনি। নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে শূন্য রানে আউট হওয়া পঞ্চম ভারতীয় ওপেনার যশস্বী। এর আগে এই তালিকায় নাম লিখিয়েছেন ডব্লিউভি রমন, শিখর ধাওয়ান, পার্থিব প্যাটেল এবং নভজ্যোত সিং সিধু।

শুধু বিদেশের মাটিতেই নয়, ভারতীয় টেস্ট ওপেনারদের শূন্য রানে আউট হওয়ার তালিকাতেও ক্রমশ উপরের দিকে উঠে আসছেন যশস্বী। আটবার শূন্য রানে আউট হয়ে যুগ্ম ভাবে পঞ্চম স্থানে পৌঁছে গিয়েছেন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন মুরলী বিজয়। এই তালিকার শীর্ষে বীরেন্দ্র শেহওয়াগ। ১৫ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে পঙ্কজ রায়। তাঁর নামের পাশে রয়েছে ১৪টি শূন্য। সুনীল গাভাসকর ১১ বার এবং সিধু ন’বার শূন্য রানে আউট হয়েছেন। যশস্বী ও মুরলী বিজয়ের ঠিক উপরে রয়েছেন তাঁরাই। এছাড়া সাতবার করে শূন্য রানে আউট হয়েছেন গৌতম গম্ভীর, কেএল রাহুল এবং কৃষ্ণমাচারি শ্রীকান্ত।

ডব্লিউটিসিতে শূন্য রানে আউট হওয়ার অনাকাঙ্ক্ষিত নজিরও গড়েছেন যশস্বী। ক্রাইস্টচার্চে শূন্য রানে আউট হওয়ার আগে বিরাট কোহলি ও যশস্বী দু’জনেরই শূন্যের সংখ্যা ছিল ৭। কিন্তু এই ম্যাচের পর বিরাটকে টপকে ৮ শূন্য নিয়ে ভারতীয় ব্যাটারদের তালিকায় একক ভাবে শীর্ষে যশস্বী। ৪৬টি ম্যাচে সাতবার শূন্য রানে আউট হয়ে তাঁর ঠিক পিছনেই রয়েছেন কোহলি। তালিকায় ছ’টি ডাক নিয়ে তৃতীয় স্থানে প্রাক্তন ভারতীয় ব্যাটার চেতেশ্বর পূজারা। অন্যদিকে, ২৪টি ম্যাচে ৭ শূন্য রয়েছে মহম্মদ শামির। তবে সব ভারতীয় ক্রিকেটারকে ধরলে ছবিটা আরও চমকপ্রদ। ৪৪টি ম্যাচে ২৩ বার শূন্য রানে আউট হয়ে তালিকার শীর্ষে জশপ্রীত বুমরাহ। ৪৭টি ম্যাচে ১৬টি ডাক নিয়ে দ্বিতীয় মহম্মদ সিরাজ। অর্থাৎ, ব্যাটারদের মধ্যে যশস্বী এবং সামগ্রিক ভাবে ভারতীয়দের মধ্যে বুমরাহের দখলে রয়েছে এই লজ্জার রেকর্ড।

Source: Sangbad Pratidin Sports (Bengali)

Read full article on Sangbad Pratidin Sports (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language