Hashtagintro

চেনা ‘ছাতু’র ভিড়েই লুকিয়ে বিপদ! বাঁকুড়ার জঙ্গলে ৪ বিষাক্ত মাশরুমের হদিশ

মাশরুম তথা ছাতু ভাজা, আলু দিয়ে ঝোল, সর্ষে-ছাতু, কালিয়া কিংবা পোস্ত দিয়ে তরকারি-বুনো ছাতুর নানা পদ রাঢ়বাংলার মানুষের রসনাতৃপ্তির অংশ। ভরা বর্ষায় কিংবা শেষে ভেজা মাটি, শাল-পিয়ালের জঙ্গল আর গাছের গোড়ায় ছাতু দেখা দিলেই বাঁকুড়ার গ্রামাঞ্চলে তা কুড়োনোর হিড়িক পড়ে। পুরুলিয়া ও মেদিনীপুরের গ্রামাঞ্চলেও এই খাদ্যসংস্কৃতির চল রয়েছে। তবে চেনা ছাতুর ভিড়েই লুকিয়ে থাকতে পারে বিপদ। বাঁকুড়ার (Bankura) তিন বনাঞ্চলে সমীক্ষা চালিয়ে ২৪ প্রজাতির ছাতুর সন্ধান পেয়েছেন গবেষকেরা। এর মধ্যে আটটি খাদ্যযোগ্য, চারটি বিষাক্ত এবং ১২টি অখাদ্য বলে চিহ্নিত হয়েছে।

বিষ্ণুপুর, রামসাগর ও ওন্দার বনাঞ্চলকে কেন্দ্র করে গবেষণাটি করেছেন ছয় গবেষক-পবিত্র মুখোপাধ্যায়, অরিন্দম গঙ্গোপাধ্যায়, রেবেকা ঘন্টা, শ্যামলকান্তি মল্লিক, আশিস মণ্ডল এবং সমীরকুমার মুখোপাধ্যায়। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ‘অ্যাক্টা বায়োলজিকা স্লোভেনিকা’ পত্রিকায়। গবেষকেরা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগ, বাঁকুড়া সম্মিলনী কলেজের অণুজীববিদ্যা ও উদ্ভিদবিদ্যা বিভাগ এবং বিষ্ণুপুরের রামানন্দ কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সঙ্গে যুক্ত। অরিন্দম গঙ্গোপাধ্যায় বর্তমানে বাঁকুড়া সম্মিলনী কলেজের অণুজীববিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান। রেবেকা ঘন্টা, শ্যামলকান্তি মল্লিক ও আশিস মণ্ডল রামানন্দ কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সঙ্গে যুক্ত। সমীরকুমার মুখোপাধ্যায় বাঁকুড়া সম্মিলনী কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের গবেষক। বিশ্ববিদ্যালয়ের তালিকায় তাঁকে কলেজের অধ্যক্ষ হিসেবেও উল্লেখ করা হয়েছে। গবেষণায় বিষাক্ত হিসেবে চিহ্নিত চারটি প্রজাতি হল-মাইসিনা রোজিয়া, সিস্টোঅ্যাগারিকাস ট্রাইসালফিউরেটাস, ম্যাক্রোলেপিওটা প্রসেরা এবং লিউকোকোপ্রিনাস ক্রিটেসিয়াস। তবে অন্য কিছু বৈজ্ঞানিক সূত্রে ম্যাক্রোলেপিওটা প্রসেরাকে খাদ্যযোগ্য বলা হয়েছে। ফলে এই প্রজাতির বিষাক্ততা নিয়ে আরও যাচাই প্রয়োজন। বিষাক্ত ছাতু সম্পর্কে বাঁকুড়া সম্মিলনী কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের গবেষক সমীরকুমার মুখোপাধ্যায় বলেন, “বুনো ছাতুর ক্ষেত্রে শুধু বাহ্যিক চেহারা, রং বা গন্ধ দেখে খাদ্যযোগ্যতা নির্ধারণ করা নিরাপদ নয়। একই রকম দেখতে একাধিক প্রজাতির মধ্যে কোনওটি খাদ্যযোগ্য, আবার কোনওটি বিষাক্ত হতে পারে। তাই বিশেষজ্ঞের সাহায্যে প্রজাতি শনাক্ত না করে জঙ্গল থেকে সংগ্রহ করা ছাতু খাওয়া উচিত নয়। বিষক্রিয়ার আশঙ্কা থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।”

ছাতুর গঠন, ফুলকার বিন্যাস, স্পোর এবং অণুবীক্ষণিক বৈশিষ্ট্য পরীক্ষা করে প্রজাতি শনাক্ত করেছেন গবেষকেরা। রামসাগর বনাঞ্চলে নমুনার সংখ্যা সবচেয়ে বেশি মিললেও বৈচিত্র্য সূচকে এগিয়ে ওন্দা। বিষ্ণুপুরে এই সূচক ০.২২, রামসাগরে ০.৩২ এবং ওন্দায় ০.৩৬। সংগৃহীত ছত্রাকের ৯৫.৮ শতাংশ বাসিডিওমাইকোটা বিভাগের। বাকি ৪.২ শতাংশ অ্যাসকোমাইকোটা বিভাগের।

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language