মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) গত রবিবার উদ্ধার করা হয়েছিল এক আহত চিতা শাবককে। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল চিতাটির। তদন্তে চিতাটির শরীরে একাধিক ছররা গুলির সন্ধান পাওয়া গিয়েছে। এই ঘটনায় স্পষ্ট যে চোরাশিকারির হামলাতেই মৃত্যু হয়েছে তার। এর জেরে ২০২২ সালে ভারতে চিতা প্রত্যাবর্তনের পর এই প্রথমবার চোরাশিকারির হামলায় কোনও চিতার মৃত্যু হল।
কুনো ন্যাশনাল পার্কের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, গত ২৫ অক্টোবর রবিবার সন্ধ্যায় মাদি চিতা নিরভার ১৯ মাস বয়সি পুরুষ শাবকটিকে জখম অবস্থায় পাওয়া যায়। মধ্যপ্রদেশের মোরেনায় পাহাড়পুর এলাকা থেকে তাকে উদ্ধারের পর কুনোর পশু চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয়। তখনই অনুমান করা হচ্ছিল হয়ত চোরাশিকারির হামলার শিকার হয়েছে চিতাটি। পাশাপাশি বড় কোনও জানোয়ারের হামলারও সন্দেহ করা হচ্ছিল। চিকিৎসা চলাকালীন এক্স রে-তে শরীরের বিভিন্ন জায়গায় অজ্ঞাত বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। পরে জবলপুরের NDVSU-র ভেটেরিনারি সার্জারি বিভাগে সিটি স্ক্যান করা হলে দেখা যায়, ওই বস্তুগুলি তার অভ্যন্তরীণ অঙ্গ, পেশি ও স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি করেছে। অস্ত্রোপচারে চিতাটির শরীর থেকে ৫টি ছররা গুলি বের করা হয়। শাবকটিকে বাঁচানোর সবরকম চেষ্টা হলেও মঙ্গলবার মৃত্যু হয় তার।
অস্ত্রোপচারে চিতাটির শরীর থেকে ৫টি ছররা গুলি বের করা হয়। শাবকটিকে বাঁচানোর সবরকম চেষ্টা হলেও মঙ্গলবার মৃত্যু হয় তার।
এই ঘটনায় মধ্যপ্রদেশ সরকার বন বিভাগ ও পুলিশ আধিকারিকদের নিয়ে একটি স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেছে। তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রধান মুখ্য বন সংরক্ষক (বন্যপ্রাণ) ড. সমীতা রাজোরা। তদন্তকারীদের অনুমান করা হচ্ছে, চোরাশিকারির হামলাতেই মৃত্যু হয়েছে চিতাটির। একইসঙ্গে এই ঘটনায় দেশে মোট চিতার সংখ্যা দাঁড়াল ৫৮তে। এর মধ্যে কুনো জাতীয় উদ্যানে ৫২টি। ৪টি গান্ধী সাগর অভয়ারণ্যে এবং ২টি বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভে রয়েছে।
উল্লেখ্য, ভারতে শেষবার এশিয়াটিক চিতাকে গুলি করে মারা হয়েছিল ১৯৪৭ সালে। মহারাজা রামানুজ প্রতাপ সিং দেও দেশের শেষ তিনটি এশিয়াটিক চিতাকে গুলি করে মেরেছিলেন। এটাই নথিভুক্ত শেষ চিতা হত্যার ঘটনা। ২০১৯ সালে দ্বিতীয় বার ক্ষমতায় ফেরে মোদি সরকার। এরপরই সূচনা ‘প্রোজেক্ট চিতা’র। ২০২২ সালে নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে মোট ১০টি চিতা আনা হয়েছিল মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে। পরবর্তী সময়ে নানা দেশ থেকে মোট ২০টি চিতাকে ভারতে আনা হয়েছিল। এবার সেই চিতা হত্যার ঘটনায় নড়েচড়ে বসল বনদপ্তর।