পিছনে নীল সমুদ্র, নোনা জলরাশিকে সাক্ষী রেখে স্বামীকে ঠোঁটঠাসা চুমু। সোশাল মিডিয়ায় এমনই রোম্যান্টিক ভিডিও শেয়ার করে অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দিয়েছিলেন বাঙালি অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। গর্ভাবস্থার নানান মুহূর্ত সমাজমাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন রোশনি। ১৫ নভেম্বর, দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে মা হলেন অভিনেত্রী। কোল আলো করে এল ফুটফুটে সন্তান। টেলি অভিনেত্রী রোশনির জীবনকে রোশনাইতে ভরিয়ে দিল কে? রাজপুত্তর নাকি রাজকন্যা? ইনস্টা হ্যান্ডলে সুখবর দিলেন খোদ রোশনি ভট্টাচার্য।
উৎসবের আবহে এমন উপহার সত্যিই সুন্দর! কার্তিক পুজোর আগে রোশনির জীবনকে রোশনাইতে ভরিয়ে দিল লক্ষ্মীছানা। হ্যাঁ, কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী। মাতৃত্বের আনন্দ ভাগ করে লিখেছেন, ‘আর এভাবেই আমাদের জীবন অফুরন্ত মিষ্টতায় আর অঢেল আদুরে মুহূর্তে ভরে উঠল।’ সুখবর শেয়ার করতেই সদ্যোজাতকে আদরে-ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ইন্ডাস্ট্রির সতীর্থরা। সেই সঙ্গে নতুন মাকে শুভেচ্ছাও জানিয়েছেন সকলে। অভিনেত্রী অঙ্গনা রায় থেকে মিমি দত্ত, ঋতাভরী চক্রবর্তী, গৌরব চট্টোপাধ্যায়, অর্কজা আচার্য-সহ অনেকেই মা ও সন্তানকে আদুরে শুভেচ্ছায় মুড়িয়ে দিয়েছেন।
View this post on Instagram
এক সময় চুটিয়ে ছোটপর্দায় কাজ করেছেন রোশনি। পথিকৃৎ বসুর ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ ছবিতে কাজ করেছেন। তারপর দীর্ঘদিন বিরতি নেন তিনি। বহুদিন পর ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের হাত ধরে ফের ছোটপর্দায় ফিরেছেন অভিনেত্রী। যদিও এই ধারাবাহিক মাঝপথে বন্ধ হয়ে যায়। আপাতত আর কোনও কাজ করছেন না রোশনি।
View this post on Instagram
২০২২ সালে ব্যক্তিগত জীবনে থিতু হন অভিনেত্রী। দাম্পত্যের চার বছরে প্রথমবার মাতৃত্ব উদযাপন করছেন রোশনি। গত মে মাসে থাইল্যান্ডে স্বামীর সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিেন রোশনি। ছুটি কাটাতে গিয়ে দাম্পত্যের দুষ্টুমিষ্টি মুহূর্ত শেয়ার করেন অভিনেত্রী। সোশাল মিডিয়ায় ছোট্ট ভিডিও শেয়ার করে দুই থেকে তিন হওয়ার কথা জানিয়েছিলেন রোশনি। আবার কাজে ফেরেন কিনা, সে বিষয়ে অবশ্য কিছু জানাননি।
