Hashtagintro

জটিল স্নায়ুর রোগে আক্রান্ত মুসিয়ালাকে নিয়ে কঠোর সিদ্ধান্ত বায়ার্নের, ক্ষুব্ধ ক্লাব অধিনায়ক কিমিচ

জামাল মুসিয়ালাকে (Jamal Musiala) নিয়ে বিতর্কের আঁচ এবার বায়ার্ন মিউনিখের অন্দরে। জার্মান ফরোয়ার্ডকে নিয়ে যেভাবে ক্লাবের তরফে পদক্ষেপ করা হচ্ছে, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাভারিয়ান জায়ান্টদের অধিনায়ক জোশুয়া কিমিচ। প্রকাশ্যে, সরাসরি সংবাদমাধ্যমের সামনে।

বিরল স্নায়ুর সমস্যায় ভুগছেন মুসিয়ালা। যার ফলে হঠাৎ করেই খিঁচুনি ধরছে তাঁর। বন্ধ হতে বসছে হৃদযন্ত্রও। এমন রোগের জন্য প্রশ্ন উঠছে, মুসিয়ালা আদৌও খেলা চালিয়ে যেতে পারবেন কি না? আপাতত ক্লাবের জার্সিতে পুরো ম্যাচ খেলানো হচ্ছে না বছর তেইশের এই তারকাকে। অধিকাংশ ক্ষেত্রেই নামছেন পরিবর্ত হিসেবে। ফলে তাঁকে আর পুরো বেতন দিতে চাইছে না বায়ার্ন ম্যানেজমেন্ট। ক্লাবের বোর্ড সদস্য কার্ল-হেইঞ্জ রুমেনিগে স্পষ্ট করে দিয়েছেন সে কথা। বর্তমানে মুসিয়ালার বাৎসরিক বেতন ১৮ মিলিয়ন ইউরো। তাঁকে নতুন করে চুক্তির জন্য চাপ দেওয়া হচ্ছে ক্লাবের তরফে।

আর সেই সিদ্ধান্তেই অখুশি কিমিচ। লিলের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের পর তিনি বলেন, “এই আলোচনা বন্ধ দরজার পিছনে হওয়া উচিত ছিল। জামাল বা ওর এজেন্টের সঙ্গে। আমি নিশ্চিত, ওরা আলোচনায় বসতে তৈরি। সম্ভবত এমন বৈঠক হয়েওছে। ফলে সবকিছু এভাবে প্রকাশ্যে কেন বলা হচ্ছে, সেটা বুঝতে পারছি না। এমনিই জামালকে বেশ লড়াই করতে হচ্ছে। এতে ওর কাজটা আরও কঠিন হবে। ক্লাবের উপরে কেউ নয়, কথাটা ঠিক। কিন্তু একজন ব্যক্তির ভালোমন্দও মাথায় রাখতে হবে। এটা বায়ার্ন মিউনিখের সংস্কৃতি নয়।”

Source: Sangbad Pratidin Sports (Bengali)

Read full article on Sangbad Pratidin Sports (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language