অন্যের জমিতে জল ফেলেছিলেন প্রৌঢ়! তাতে বচসা। তারপর বেধড়ক মারধর। ঘটনায় মৃত্যু ব্যক্তির। প্রৌঢ়কে পিটিয়ে খুনের অভিযোগ প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। গ্রেপ্তার একই পরিবারের ৪। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানা এলাকায়। ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃত প্রৌঢ়ের নাম আয়ুব শেখ। বয়স ৫১। তিনি পূর্ব চণ্ডীপুরের চকমৌখালি মোল্লা-সিপাইপাড়ার বাসিন্দা। প্রতিবেশীর জমিতে জল ফেলেন আয়ুব। তা নিয়ে ঝামেলার সূত্রপাত। বিতর্কের জেরে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে বিবাদ একসময় চরম পর্যায়ে পৌঁছয়। দু’পক্ষের ধাক্কাধাক্কি শুরু হয়। অভিযোগ হাতাহাতি চলাকালীন সন্টু ও তাঁর পরিবারের সদস্যরা বাঁশ, লাঠি দিয়ে পেশায় রাজমিস্ত্রি আয়ুবকে বেধড়ক মারধর করতে থাকে। গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। জ্ঞান হারান। তড়িঘড়ি তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পর খবর দেওয়া পুলিশ। তদন্তকারীরা দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃতের পরিবার প্রতিবেশীদের বিরুদ্ধে অভিযোগ করেন। পুলিশ সন্টু -সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে। সামান্য জল ফেলা নিয়ে পিটিয়ে খুনে শোরগোল এলাকায়। শুধুই কি জল ফেলা না কি, পিছনে অন্য কারণ রয়েছে তাঁরা খতিয়ে দেখছে পুলিশ।
