ব্যক্তিগত জীবনে যেমন ছিলেন ঝলমলে, তেমনই বর্ণময় তাঁর রাজনৈতিক জীবনও। ‘অজাতশত্রু’ ব্যক্তিটি সার্থকনামা – প্রিয়রঞ্জন দাশমুন্সি। রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সকলের ‘প্রিয়’ ছিলেন। তাই শুক্রবার বিবাদী বাগে তাঁর প্রস্তর মূর্তি স্থাপন অনুষ্ঠানে একমঞ্চে হাজির হলেন সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ‘প্রিয়দা’কে নিয়ে স্মৃতিচারণ করলেন সকলে। মূর্তির প্রশংসা সকলের মুখে। হবে নাই বা কেন? সম্ভবত এই প্রথম কলকাতায় কোনও প্রবাদপ্রতিম রাজনৈতিক ব্যক্তিত্বের পাথরের মূর্তি বসল। রাজস্থান থেকে নির্মিত সেই মূর্তি যেন অবিকল প্রিয়রঞ্জন দাশমুন্সি! এই কাজ এত সুন্দর করে সম্পন্ন করার কৃতিত্ব শিল্পীর তো বটেই, দায়িত্বপ্রাপ্তদেরও।
এক বছর লেগেছে মূর্তিটি বানাতে। জয়পুরের রঙিন মার্বেল পাথর কেটে তা বানানো হয়েছে। বছরখানেক আগেই অর্ডার দেওয়া হয়েছিল। প্রিয়রঞ্জন যে ধরনের পোশাক পরতেন, সেরকম বেশ কয়েকটি ছবি পাঠানো হয়েছিল শিল্পীর কাছে। প্রথমে মূর্তি তৈরিতে কিছুটা ভুল হয়েছিল। তারপর আবার ছবি নিয়ে গিয়ে মিলিয়ে নির্দিষ্ট এই ছবি ধরে ধরে তা তৈরি করা হয়। মূর্তির উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, যা প্রিয়রঞ্জনের নিজের উচ্চতা ছিল। সবচেয়ে চমকপ্রদ বিষয়, গোটা মূর্তিটি তৈরি হয়েছে একটিই পাথর কেটে।

প্রিয়রঞ্জন দাশমুন্সির এই মূর্তি তৈরির কাজের দায়িত্ব পেয়েছিলেন গণ সংস্কৃতি পরিষদ কমিটির সদস্য তরুণ চক্রবর্তী। তিনি দীপা দাসমুন্সির প্রাক্তন সচিব। তাঁকেই ভার দেওয়া হয়, সর্বস্তরে সমন্বয় রেখে গোটা কাজটা করে নেওয়ার। তরুণবাবুই জানালেন মূর্তি-কাহিনির খুঁটিনাটি। জানালেন, এক বছর লেগেছে মূর্তিটি বানাতে। জয়পুরের রঙিন মার্বেল পাথর কেটে তা বানানো হয়েছে। বছরখানেক আগেই অর্ডার দেওয়া হয়েছিল। প্রিয়রঞ্জন যে ধরনের পোশাক পরতেন, সেরকম বেশ কয়েকটি ছবি পাঠানো হয়েছিল শিল্পীর কাছে। প্রথমে মূর্তি তৈরিতে কিছুটা ভুল হয়েছিল। তারপর আবার ছবি নিয়ে গিয়ে মিলিয়ে নির্দিষ্ট এই ছবি ধরে ধরে তা তৈরি করা হয়। মূর্তির উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, যা প্রিয়রঞ্জনের নিজের উচ্চতা ছিল। সবচেয়ে চমকপ্রদ বিষয়, গোটা মূর্তিটি তৈরি হয়েছে একটিই পাথর কেটে। তারপর পালিশ করা হয়। সবটা শেষ হওয়ার পর তিনদিন লেগেছে সেটি গাড়িতে কলকাতায় আনতে।

এদিনের অনুষ্ঠানে গণতান্ত্রিক তৃণমূলের তরফে বিধায়ক মদন মিত্র প্রস্তাব দিয়েছেন, মূর্তির মাথায় একটি শেড দিতে। আর মূর্তি পরিষ্কার রেখে রোজ একটি করে মালা পরাতে। রোজ না হলেও বিশেষ দিনগুলিতে তা করা হবে বলে জানা যাচ্ছে। মূর্তি নিয়মিত পরিষ্কার এবং তার মাথায় শেডও দেওয়া হবে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত তরুণবাবু। শুক্রবারের অনুষ্ঠানে গণ সংস্কৃতি পরিষদের তরফে ‘প্রিয়-ভাষ’ তাঁর একটি স্মৃতি সংকলনও প্রকাশিত হয়েছে। প্রচ্ছদটি এঁকেছেন বিশিষ্ট চিত্রশিল্পী সমীর আইচ।

ভারতীয় রাজনীতিতে প্রিয়রঞ্জনের সর্বব্যাপী গ্রহণযোগ্যতা নিয়ে এদিন নিজেদের মত তুলে ধরেন সুজন চক্রবর্তী, শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্ররা। সুজন চক্রবর্তীর কথায়, ‘‘একজন অন্য মেরুর নেতা হয়েও সবার সঙ্গে তাঁর সমান সম্পর্ক ছিল। তিনি বহুত্ববাদে বিশ্বাসী ছিলেন, যা এই মুহূর্তে রাজনীতিতে দুর্লভ।” শোভনদেব বলেন, ‘‘প্রিয়দা আমায় ছাত্র রাজনীতিতে জায়গা দেন, ছাত্র পরিষদে নানান দায়িত্ব দেন। আমরা সবাই যারা আছি, তার বেশির ভাগ প্রিয়দার হাতে তৈরি। কারণ আমরা সবীই কংগ্রেস করি প্রথমে। আমি আমার রাজনৈতিক জীবনে তিনজনের কথা কোনদিন অস্বীকার করতে পারব না – এক প্রিয়দা, দুই সিদ্ধার্থশঙ্কর রায় তিন মমতা বন্দ্যোপাধ্যায়।” ‘প্রিয়দা’র প্রতি নিজের অকুণ্ঠ শ্রদ্ধার কথা জানিয়ে মদন মিত্রর বক্তব্য, ‘‘আমি নিজেকে আজও প্রিয়দার লোক বলেই মনে করি। আমায় তিনি চাকরির ব্যবস্থা করে দেন। পরে ছাত্র পরিষদের সেক্রেটারি। এই মুহূর্তে এই মঞ্চে আমার আসা ঘিরে অনেক কথা হবে, কিন্তু আমি যখনই প্রিয়দাকে নিয়ে সভা হবে, থাকব সেখানে।”
