Hashtagintro

জলে গেল সুদীপ-শাহবাজের হাফসেঞ্চুরি, মুস্তাক আলি ট্রফির শুরুতেই কর্নাটকের কাছে হার বাংলার

সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফির শুরুতেই ধাক্কা বাংলার। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কর্নাটকের বিরুদ্ধে ১৯ রানে হেরে গেল অভিমন্যু ঈশ্বরণের দল। কাজে এল না সুদীপ কুমার ঘরামি ও শাহবাজ আহমেদের হাফসেঞ্চুরি। সদ্য পিতৃহারা সায়ন ঘোষের ৪ উইকেটও জলে গেল। করুণ নায়ারদের ১৮৪ রানের জবাবে বাংলার ইনিংস থেমে গেল ১৬৫ রানে।

এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক অভিমন্যু। দলে মহম্মদ শামি, মুকেশ কুমারদের মতো তারকা পেসার আছেন। তবে দু’জনেই প্রচুর রান বিলোলেন। শামি ৪ ওভারে দেন ৫৬ রান। উইকেট একটি। সম্প্রতি টেস্ট থেকে অবসর নিয়েছেন। আইপিএলেও দলবদলের খবর শোনা যাচ্ছে। তবে এই ম্যাচে দাগ কাটতে পারলেন না। অন্যদিকে মুকেশ ৪৫ রান দিয়ে পেলেন ২ উইকেট।

বরং সফল সায়ন ঘোষ। গ্রুপ পর্বের ম্যাচ খেলতে মুম্বই পৌঁছানোর পর পিতার প্রয়াণের খবর পান সায়ন। রাতের বিমানে বাড়ি ফিরে আসতে হয় তাঁকে। পিতৃকৃত্য সম্পন্ন করে মাঠে নামলেন। শোক সামলে ২৮ রানে ৪ উইকেট তুলে নেন বঙ্গপেসার। যেন মাঠেই বাবাকে শ্রদ্ধা জানালেন। নির্ধারিত ২০ ওভারে ১৮৪ রান তোলে কর্ণাটক। করুণ ৩৫ বলে ৫৩ রান করেন। অন্যদিকে ১৫ বলে ৩০ করে অপরাজিত থাকেন প্রবীণ দুবে।

জবাবে শুরুতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলার ব্যাটিং। অভিষেক পোড়েল, অভিমন্যু ঈশ্বরণ ও এদিন অভিষেক হওয়া ঋষভ চৌধুরীর কেউই রানের খাতা খুলতে পারেননি। একটা সময় বাংলার রান ছিল ৪ উইকেট হারিয়ে ২৪। সেখান থেকে কামব্যাকের স্বপ্ন দেখান সুদীপ কুমার ঘরামি। ৪২ বলে ৬৫ রান করেন তিনি। ৬টা চার ছাড়াও ৪টে ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। অন্যদিকে ভালো ফর্ম অব্যাহত শাহবাজের। তিনি ৩৭ বলে ৫৬ রান করেন তিনিও চারটে ছক্কা হাঁকান। দুই ব্যাটার আউট হওয়ার পরই বাংলার জয়ের আশা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ১৬৫ রানে থামে বাংলার ইনিংস। ম্যাচ হারে ১৯ রানে।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language