জাতীয় সড়ক সম্প্রসারণের ফলে ভাঙতে পারে দীর্ঘদিনের বারোয়ারি কালীমন্দির! কিন্তু উন্নয়নের কাজে বাধা দিতে চান না এলাকাবাসী। তবে নতুন মন্দির তৈরি করতে এগিয়ে এলেন গ্রামের মহিলারা। রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার জমাকৃত অর্থ মন্দির কমিটির হাতে তুলে দিলেন গ্রামের ৪০ জন মহিলা। মন্দির ভাঙা পড়লে, সেই জমাকৃত অর্থ দিয়েই অন্যত্র নতুন মন্দির গড়ে তোলার জন্য এই সিদ্ধান্ত। শুধু তাই নয়, মন্দির পুনর্নির্মাণের জন্য ভবিষ্যতেও অন্নপূর্ণা ভাণ্ডারের অনুদানের টাকা কমিটির হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছেন তাঁরা।
নদিয়ার তেহট্টের মহিষবাথান সাহাপাড়া যুবগোষ্ঠীর শ্যামাপুজো হয় জাতীয় সড়কের ধারে স্থিত মন্দিরে। জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হলে সাহাপাড়া এলাকার দীর্ঘদিনের বারোয়ারি মন্দিরটি ভাঙা যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সড়ক সম্প্রসারণের উন্নয়নমূলক কাজকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি প্রাণের মন্দির রক্ষায় এগিয়ে এসেছেন এলাকার মহিলারা। প্রায় চল্লিশ জন গৃহবধূ সরকার প্রদত্ত অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা করে সরাসরি তুলে দিয়েছেন বারোয়ারি পুজো কমিটির কর্মকর্তাদের হাতে। স্থানীয় সুমিতা সাহা ও অমৃতা সাহাদের মতে, “সরকারের এই আর্থিক সহায়তা মন্দির তৈরির কাজে লাগাতে পেরে আমরা আনন্দিত।”
আর্থিক সাহায্যের পাশাপাশি গৃহবধূদের একাংশ দেবী প্রতিমার সামনে স্বেচ্ছায় রক্তদানও করেন। প্রথমবার রক্তদান করে উৎফুল্ল জেসমিন মণ্ডলের কথায়, “মুমূর্ষু রোগীর কাজে আসবে বলেই রক্ত দিয়েছি।” সাহাপাড়া যুবগোষ্ঠীর সদস্য মহারাজ সাহা জানান, “আমাদের এই রক্তদান উৎসব এ বছর তৃতীয় বছরে পদার্পণ করল। তবে এ বছরের বিশেষ আকর্ষণ মায়েদের এই অবদান। জাতীয় সড়ক সম্প্রসারণকে আমরা স্বাগত জানাই। মন্দিরটি ভাঙা পড়লে যেন নতুন করে তা গড়ে তোলা যায়, সেই কারণেই মায়েরা তাঁদের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলে দিয়েছেন।”
