কৃত্রিম বুদ্ধিমত্তার ব্য়বহারে প্রতিনিয়ত অভিনেতা অভিনেত্রীরা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিকৃত ছবি বা ভিডিওর জন্য বহু সেলিব্রিটিই আইনি পদক্ষেপের পথে হেঁটেছেন। এবার সেই পথের পথিক দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর। কাপুরতনয়া জাহ্নবীর সঙ্গে জুনিয়র এনটিআরের ‘দেবরা: পার্ট ১’-এর ‘চুট্টামাল্লে’ গানের বিকৃত ভিডিও নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন অভিনেতা।
তাঁকে পূর্ণ সমর্থন জানিয়েছেন ইন্ডাস্ট্রির সতীর্থ ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করে যাঁরা জড়িত তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এধরনের অনৈতিক কাজকে ডিজিটাল মাধ্যমে যৌন নিপীড়নের সমতুল্য বলেও ক্ষোভ উগরে দিয়েছেন। সমাজমাধ্যমে অভিনেতার মন্তব্য, ‘অত্যন্ত নিম্নরুচির পরিচয়। প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

কাউকে অপমান করে আনন্দ পাওয়াটা চূড়ান্ত অসংবেদনশীলতার পরিচয় বলেও মনে করেন বিজয়। অত্যন্ত হতাশার সঙ্গে সকলের উদ্দেশে প্রশ্ন, ‘আমরা একে অপরের প্রতি এতটা অসংবেদনশীল হয়ে গেলাম কবে?’ একইসঙ্গে এমন মানসিকতা তৈরির ক্ষেত্রে পরিবার, অভিভাবকত্ব এবং সমাজের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিজয় দেবেরাকোন্ডা। এআইয়ের মচো উন্নত প্রযুক্তির অপব্যবহার প্রসঙ্গে অভিনেতার সংযোজন, ‘কিছু মানুষের জন্য সেই প্রযুক্তির প্রকৃত গুরুত্বটাই হারিয়ে যাচ্ছে।’
একটি সিনেমার গানের দৃশ্যের বিকৃতকরণের তীব্র নিন্দা করে বলেছেন, ‘এটা তো ডিজিটাল সেক্সচুয়াল অ্যাসল্ট।’ যার বাংলা তর্জমা করলে হয়, ডিজিটাল মাধ্যমে যৌন অত্যচার। এই ধরনের ঘটনা যেগুলো কারও ভাবমূর্তি নষ্ট করছে অত্যন্ত গুরুত্ব সহকারে আইনের ব্যবস্থা নেওয়া উটিত বলেও আওয়াজ তুলেছেন বিজয়। জুনিয়র এনটিআর ও জাহ্নবীর বিকৃত ভিডিওকে অভিনেতা ‘জঘন্য, অসুস্থ মানসিকতার এবং নির্লজ্জ’ বলে ক্ষোভপ্রকাশ করেছেন।

একইসঙ্গে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবেই বলেও হুঁশিয়ারি দিয়েছেন। অভিনেতার এই পোস্টের পরই পালটা প্রতিক্রিয়া দিয়েছেন বিজয়। জুনিয়র এনটিআর এই ভিডিওটি কাউকে না দেখার অনুরোধ করেছেন। সেই সঙ্গে শেয়ার না করারও আর্জি জানিয়েছেন। এই ধরনের ‘ব্যধি’ চিরতরে নির্মূল করতে রাজ্য সরকারের পাশাপাশি ভারত সরকারকেও এআইয়ের অপব্যবহারের বিরুদ্ধে আরও কঠোর আইন ও নিয়ম চালুর আহ্বান জানান। একইসঙ্গে যাঁরা এই ভিডিওটি ছড়িয়েছেন তাঁদেরকে কোনওভাবেই ক্ষমা করবেন না।
