Hashtagintro

টস করতে নেমেই ইতিহাস! টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড বৈভবের 

রেকর্ড আর বৈভব সূর্যবংশী যেন এক মুদ্রার এপিঠ-ওপিঠ। এবার আরও এক নতুন বিশ্বরেকর্ড তার নামের পাশে। ছেলেদের টি-টোয়েন্টি ক্রিকেটে কনিষ্ঠতম অধিনায়ক হওয়ার নজির গড়ল বিহারের এই ১৫ বছরের ব্যাটার। শনিবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সৌরাষ্ট্রের বিরুদ্ধে বিহারকে নেতৃত্ব দিতে নেমেই নতুন ইতিহাস লিখে ফেলল সে।

বৈভবের নেতৃত্বে শনিবার সৌরাষ্ট্রের বিরুদ্ধে মাঠে নামে বিহার। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দলের প্রথম ম্যাচে টস করতে নামার সঙ্গে সঙ্গেই তৈরি হয় নতুন নজির। সিনিয়র পর্যায়ের ক্রিকেটে এই প্রথম নেতৃত্ব দেওয়ার সুযোগ পেল বৈভব। তবে অধিনায়ক হিসাবে ইতিহাস গড়লেও ব্যাট হাতে বিশেষ কিছু করতে পারেনি সে। ওপেন করতে নেমে ১২ বলে ১৮ রান করে চেতন সাকারিয়ার বলে আউট হয় বৈভব। তার ইনিংসে ছিল দু’টি চার ও একটি ছয়।

গত সপ্তাহেই বিহারের অধিনায়ক হিসাবে বৈভবের নাম ঘোষণা করা হয়েছিল। তখন থেকেই তার বিশ্বরেকর্ড গড়া সময়ের অপেক্ষা ছিল। এত দিন এই কৃতিত্ব ছিল ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচের দখলে। ২০২৫ সালে সাইপ্রাসের বিরুদ্ধে ১৭ বছর ৩১১ দিন বয়সে ক্রোয়েশিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। শনিবার মাত্র ১৫ বছর ২৩২ দিন বয়সে বিহারের অধিনায়ক হয়ে সেই রেকর্ড ভেঙে দিল বৈভব। তালিকায় তৃতীয় স্থানে পাকিস্তানের তৈমুর আলি। ২০০৯ সালে ১৭ বছর ৩৫৮ দিন বয়সে কোয়েট্টা বিয়ার্সকে নেতৃত্ব দিয়েছিলেন।

তবে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিহারের হয়ে সব ম্যাচ খেলা হবে না বৈভবের। ভারতের হয়ে ইমার্জিং এশিয়া কাপে খেলতে কাতার যাবে সে। ১৯ নভেম্বর থেকে শুরু রাইজিং স্টারস এশিয়া কাপ। এর আগে দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের সহ-অধিনায়ক করা হয়েছিল বৈভবকে। সেই দলের অধিনায়ক ছিলেন ঈশান কিষান। বৈভবকে এত অল্প বয়সে এমন গুরুদায়িত্ব দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন শচীন তেণ্ডুলকর। লিটল মাস্টার জানিয়েছিলেন, বৈভবের আরও বেশি লাল বলের ক্রিকেট খেলা প্রয়োজন। তাই তাড়াহুড়ো না করাই ভালো।

কিন্তু শচীনে সেই পরামর্শে বিশেষ গুরুত্ব দেননি বিহারের নির্বাচকেরা। দলীপ ট্রফিতে সহ-অধিনায়কত্বের পর এবার সরাসরি রাজ্য টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিল বৈভব। যদিও জাতীয় দলের প্রথম একাদশে এখনও নিয়মিত জায়গা পাকা করতে পারেনি এই তরুণ ক্রিকেটার, তার মধ্যেই নেতৃত্বের দায়িত্বে নতুন ইতিহাস গড়ে ফেলল সে।

Source: Sangbad Pratidin Sports (Bengali)

Read full article on Sangbad Pratidin Sports (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language