বাড়ি মেদিনীপুর। পোস্টিং ছিলেন দুর্গাপুরে। কাঁকসা ট্রাফিক গার্ডের কনস্টেবল সঞ্জয় জানা। আচমকাই মর্মান্তিক পরিণতি। নিজের সার্ভিস রিভলভারের গুলিতেই ঝাঁঝরা হয়ে গেলেন! পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে জাতীয় সড়কের সার্ভিস রোডে নিজের সার্ভিস রিভলভার মাথায় ঠেকিয়ে গুলি চালান ওই কনস্টেবল।
মঙ্গলবার রাতে আচমকা এই খবর পেতেই ঘটনাস্থলে পৌঁচে যান তাঁর সহকর্মীরা। রক্তাক্ত অবস্থায় ওই কনস্টেবলকে পড়ে থাকতে দেখেন তাঁরা। তড়িঘড়ি বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। হঠাৎ করে কী কারনে গুলি চালাল, তা এখনও জানা যায়নি। পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার ডা. প্রণব কুমার বলেন, “নিজেই গুলি করেছে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা করে মৃত বলে ঘোষণা করে। কী কারনে মৃত্যু সেই নিয়ে তদন্ত করা হচ্ছে।”
জানা গিয়েছে, কর্তব্যরত অবস্থায় ছিলেন ওই কনস্টেবল। পানাগড়ের সার্ভিস রোডের ধারে একটি হোটেলের সামনে ডিউটিতে ছিলেন তিনি। পুলিশের গাড়ি থেকে নেমে হোটেলে পুলিশকর্মীরা বসেছিলেন সেই সময়। জানা গিয়েছে, পুলিশের গাড়ির সামনে ঘোরাঘুরি করতে করতে আচমকা নিজের মাথায় গুলি চালান তিনি। ইতিমধ্যেই ঘটনাস্থল গার্ডরেল দিয়ে ঘিরেছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছচ্ছে ফরেনসিক টিম। তদন্তের স্বার্থে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হবে।