Hashtagintro

ডিজের তাণ্ডবে মৃত্যু ২০ দিনের শিশুর! একরত্তির শরীরে কতটা বিপদ, কীভাবে সতর্ক থাকবেন?

উৎসবের শোভাযাত্রা, সঙ্গে ডিজের তীব্র আওয়াজ। আনন্দের এই আয়োজনই কি কেড়ে নিল ২০ দিনের শিশুর প্রাণ? উত্তরপ্রদেশের বলিয়ার এক মর্মান্তিক ঘটনা ঘিরে উঠেছে এমনই প্রশ্ন। গত ১৩ নভেম্বর প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় ডিজে বাজিয়ে একটি গাড়ি শিশুটির বাড়ির সামনে দিয়ে যায়। পরিবারের অভিযোগ, গাড়িটি বাড়ির কাছে এসে দাঁড়ানোর পরই অসুস্থ হয়ে পড়ে সদ্যোজাত। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, ডিজের বিকট শব্দের ধাক্কাতেই এই বিপত্তি।

যদিও ময়নাতদন্তে শিশুটির মৃত্যুর নির্দিষ্ট কারণ জানা যায়নি। ডিজের আওয়াজের সঙ্গে মৃত্যুর সরাসরি সম্পর্কও চিকিৎসাবিজ্ঞানের নিরিখে এখনও প্রমাণিত নয়। তবে এই ঘটনা ফের সামনে এনেছে একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগত প্রশ্ন। অতিরিক্ত শব্দ কি নবজাতকের শরীরে গুরুতর প্রভাব ফেলতে পারে? বিশেষ করে হৃদ্‌যন্ত্র, শ্রবণশক্তি এবং স্নায়বিক বিকাশের ক্ষেত্রে কতটা বিপজ্জনক হতে পারে এমন শব্দ?

শব্দের ধাক্কা হৃদ্‌স্পন্দনে?
জন্মের পর প্রথম কয়েক সপ্তাহ শিশুর শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ এবং স্নায়ুতন্ত্রের বিকাশ চলতে থাকে। এই সময়ে বাইরের পরিবেশের প্রতি তারা থাকে অত্যন্ত সংবেদনশীল। আচমকা বিকট শব্দে নবজাতক চমকে উঠতে পারে। শরীরে তৈরি হতে পারে স্ট্রেস প্রতিক্রিয়া। এর প্রভাবে হৃদ্‌স্পন্দনের গতি, রক্তচাপ এবং রক্তে অক্সিজেনের মাত্রায় সাময়িক পরিবর্তন হতে পারে।

নবজাতক পরিচর্যা সংক্রান্ত নির্দেশিকাতেও অতিরিক্ত শব্দের কারণে শিশুর শারীরিক স্ট্রেস এবং ঘুমের ব্যাঘাতের কথা উল্লেখ করা হয়েছে। তবে এই শারীরবৃত্তীয় পরিবর্তনকে সরাসরি হৃদ্‌যন্ত্র বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে এক করে দেখা ঠিক নয়। শুধুমাত্র ডিজের আওয়াজে সুস্থ নবজাতকের কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, এমন নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ এখনও নেই।

loud dj music newborn health risks
শব্দের তাণ্ডব! ছবি: সংগৃহীত

কানের ভিতরে স্থায়ী ক্ষতি?
অতিরিক্ত শব্দের সবচেয়ে প্রতিষ্ঠিত ক্ষতিকর প্রভাবগুলির একটি হল শ্রবণশক্তির ক্ষতি। নবজাতকের কানের ভিতরের সূক্ষ্ম সংবেদনশীল কোষগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্যন্ত জোরে শব্দের সংস্পর্শে এলে এই কোষ ক্ষতিগ্রস্ত হতে পারে। শব্দের তীব্রতা এবং কতক্ষণ তার মধ্যে থাকতে হচ্ছে, তার উপর নির্ভর করে সাময়িক বা স্থায়ী শ্রবণশক্তি হ্রাসের আশঙ্কা থাকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বলছে, অত্যন্ত তীব্র শব্দের সংস্পর্শে একবার এলেও কানের ভিতরের সংবেদনশীল কোষের ক্ষতি হতে পারে। বারবার এমন শব্দের মধ্যে থাকলে স্থায়ী শ্রবণশক্তি হারানোর ঝুঁকি বাড়ে। অর্থাৎ, উৎসবের কয়েক ঘণ্টার বিকট শব্দও শিশুর কানের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে।

ঘুমে ব্যাঘাত, বিকাশেও প্রভাব?
নবজাতকের মস্তিষ্কের বিকাশের সঙ্গে ঘুমের গভীর সম্পর্ক রয়েছে। এই সময়ে পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন ঘুম অত্যন্ত জরুরি। কিন্তু আশপাশে ক্রমাগত মাইক, ডিজে বা লাউডস্পিকারের আওয়াজ থাকলে শিশুর ঘুমের স্বাভাবিক ছন্দ বিঘ্নিত হতে পারে। আচমকা শব্দে বারবার ঘুম ভাঙা, চমকে ওঠা এবং অস্থিরতা দেখা দিতে পারে। অতিরিক্ত শব্দের পরিবেশে দীর্ঘদিন থাকলে শিশুর শারীরিক স্ট্রেসও বাড়তে পারে। বিশেষত নবজাতক পরিচর্যা কেন্দ্রগুলিতে শব্দের মাত্রা নিয়ন্ত্রণের উপর তাই বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

loud dj music newborn health risks
তীব্র শব্দ থেকে নবজাতককে দূরে রাখুন। ছবি: সংগৃহীত

সুরক্ষার দায়িত্ব অভিভাবকদের
নবজাতককে ডিজে, লাউডস্পিকার, মাইক বা বাজির তীব্র শব্দ থেকে দূরে রাখুন। কোনও জনসমাগমপূর্ণ এলাকায় যেতে হলে শব্দের উৎস থেকে যথেষ্ট দূরত্ব বজায় রাখুন। শুধু কান চাপা দিয়ে বা কাপড় দিয়ে ঢেকে রাখলেই শিশুর শ্রবণশক্তি সুরক্ষিত থাকবে, এমন ধারণা ঠিক নয়। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে উপযুক্ত শ্রবণ-সুরক্ষার ব্যবস্থা করা যেতে পারে। শিশুর ঘুমের জায়গাও হওয়া উচিত শান্ত ও শব্দমুক্ত।

উৎসবের আনন্দ যেন শিশুর স্বাস্থ্যের জন্য বিপদ ডেকে না আনে। বলিয়ার ২০ দিনের শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ এখনও অজানা। কিন্তু একটি বিষয় স্পষ্ট, নবজাতকের জন্য অতিরিক্ত শব্দ কোনওভাবেই নিরাপদ পরিবেশ তৈরি করে না। তাই আনন্দের উদ্‌যাপনে শব্দের মাত্রা নিয়ন্ত্রণ করা শুধু সামাজিক দায়িত্ব নয়, শিশুদের সুস্থতার স্বার্থেও জরুরি।

Source: Sangbad Pratidin Health (Bengali)

Read full article on Sangbad Pratidin Health (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language