করণ জোহর (Karan Johar), এই দাপুটে পরিচালকের হাত ধরে বলিউড পেয়েছে একাধিক হিট ছবি। ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশের সুযোগ পেয়েছেন বহু তারকা সন্তান। অথচ, নিজের সন্তানদেরই লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় আনতে আতঙ্কিত করণ। করণ জোহরের সঞ্চালনায় ‘কফি উইথ করণ’-এর সাম্প্রতিক পর্বেই মনের কথা খোলসা করেছেন প্রযোজক-সঞ্চালক।
গ্ল্যামার দুনিয়ায় সন্তানদের আসতে নিরুৎসাহিত করার অবিরাম চেষ্টা করেন করণ। নিজের পরিচিত জগতের সঙ্গে সন্তানদের পরিচয় করাতে কেন এত ভীত সন্ত্রস্ত্র? দুই সন্তানের বলিউডে প্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। করণের ভয়, ভবিষ্যতে যখন তারা এই ইন্ডাস্ট্রিতে পা রাখবে তখন হয়তো তাদের সুরক্ষা দেওয়ার মতো অবস্থায় তিনি আর থাকবেন না।
‘কফি উইথ করণ’-এর বিশেষ পর্বের অতিথি ছিলেন নবাব দম্পতি সইফ আলি খান ও করিনা কাপুর খান। সেখানেই সইফ আলি খান ও করিনা কাপুরের সঙ্গে অভিভাবকত্ব এবং চলচ্চিত্র জগতে সন্তানদের বড় করে তোলার নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

করণ বলেন, “আগেও বলেছি, এই জায়গাটা মোটেও সহজ নয়। এখানে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। আমি প্রায় আমার সন্তানদের এই পেশায় আসতে নিরুৎসাহিত করছি। অনেকেই আমাকে বলেন, তুমি এমনটা কেন করছ? কেন ওদের আটকাচ্ছ? তখন উত্তরে একটাই কথা বলি, আমি শুধু ভাবি, ওরা যখন এই জগতে আসবে তখন হয়তো ওদের রক্ষা করার মতো বয়স বা সামর্থ্য আমার আর থাকবে না।”
করণ জোহরের এই বক্তব্যে করিনা ভিন্ন মত প্রকাশ করেন। তাঁর মতে, সন্তানদের প্রতি অতিরিক্ত সুরক্ষামূলক মনোভাবও কখনও কখনও সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। বেবো বলেন, “আমার মনে হয়, কখনও কখনও আমাদের অতিরিক্ত সুরক্ষা দেওয়ার প্রবণতাই সমস্যার কারণ হয়ে ওঠে। আমরা সবাই সন্তানদের নিয়ে ভীষণ বেশি চিন্তিত। কিন্তু কখনও কখনও ওদের নিজেদের মতো করে এগিয়ে যেতে দেওয়াও উচিত।”

আরও বলেন, “আমাদের বাবা-মায়েরা অনেক সময় আমাদের স্বাধীনতা দিতেন। বলতেন, করতে চাইলে করো, এগিয়ে যাও। নিজের লড়াই নিজেকেই লড়তে হবে।” করিনার এই মন্তব্যে সহমত পোষণ করেন করণ। প্রসঙ্গত, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে সারোগেসির মাধ্যমে যমজ সন্তান যশ এবং রুহিকে স্বাগত জানান করণ।
