কাবেরী নদীর জল নিয়ে দক্ষিণ ভারতের দুই রাজ্য তামিলনাড়ু ও কর্ণাটকের সংঘাত এখনও অব্যাহত। এই ইস্যুতে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। জলসঙ্কটের কারণ দেখিয়ে ফের শীর্ঘ আদালতের দ্বারস্থ হয় তামিলনাড়ুর সি জোসেফ বিজয়ের সরকার। তাদের আর্জি ছিল, কর্নাটককে যাতে কাবেরী নদীর জল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই আর্জি ফের একবার খারিজ করে তামিলনাড়ু সরকারকে ভর্ৎসনা করলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা।
তামিলনাড়ু সরকারের দাবি, রাজ্যে ব্যাপক জলসঙ্কট রয়েছে। জলের অভাবে চাষ করার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন কৃষকরা। এই পরিস্থিতিতে তামিলনাড়ুর জন্য কাবেরীর বরাদ্দ জলের পরিমাণ আরও বাড়ানো হোক। কমানো হোক কর্ণাটকের জন্য বরাদ্দ জলের পরিমাণ। কারণ প্রয়োজন ছাড়াই জল আটকে রেখেছে তারা। কর্নাটক যাতে কাবেরীর জলের কিছুটা অংশ তামিলনাড়ুকে দেয় সেই নির্দেশ দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিজয়ের সরকার। কর্নাটকের থেকে বাড়তি ১ হাজার ১০০ কোটি কিউবিক ফুট জল চেয়ে আবেদন জানায় তারা। সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি অপরেশ কুমার সিংহের বেঞ্চ মামলাটি খারিজ করে দেয়। তবে শুক্রবার ফের নতুন করে মামলা করে তামিলনাড়ু সরকার। এই নিয়ে ভর্ৎসনা করে বিচারপতি বিক্রম নাথ বলেন, “আপনাদের আবেদন খারিজ করা হয়েছে। আবার আজই আবেদন করেছেন? আইনজীবীদের পিছনে খরচ করার জন্য তামিলনাড়ু সরকারের মনে হয় অনেক টাকা আছে। আপনাদের এই সংক্রান্ত মামলা পরবর্তীকালেও খারিজ করব।”
তামিলনাড়ুর অভিযোগ উড়িয়ে পৃথকভাবে হলফনামা জমা দিয়ে কর্নাটক জানায়, তাদের রাজ্যেও জলের সঙ্কট রয়েছে। এরফলে তাদের পক্ষে জল ছাড়া কোনওভাবেই সম্ভব নয়। অন্যদিকে কাবেরী নদীর উপর ৯ হাজার কোটি টাকার মেকেডাটু বাঁধ নির্মাণ প্রকল্প ঘোষণা করেছে কর্ণাটক। এর ফলে বেঙ্গালুরুতে পানীয় জলের অভাব মিটবে বলে মনে করা হচ্ছে। যদিও শুরু থেকেই এই প্রকল্পের বিরোধিতা করেছে তামিলনাড়ু। তাদের দাবি, এই প্রকল্প চালু হলে তামিলনাড়ুতে তার খারাপ প্রভাব পড়বে, ক্ষতি হবে চাষের। আরও জলসঙ্কটের মধ্যে পড়বে রাজ্যের মানুষ।
Source: Sangbad Pratidin India (Bengali)
