স্ট্যান্ড আপ কমেডিয়ান সময় রায়না তাঁর শো ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট ২’-এ তাঁর রসবোধের জন্য প্রায়ই বিতর্কে জড়ান। প্রতিযোগী এবং অতিথিদের সঙ্গে কথোপকথন ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। শোয়ের নতুন পর্বে অতিথি ছিলেন অভিনেত্রী হুমা কুরেশি ও কমেডিয়ান কৃষ্ণা অভিষেক। এই পর্বের একটি ভিডিও দাবানলের গতিতে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। নেটভুবনে অনেকেই সময়ের বক্তব্যের বিরোধিতা করেছেন। তবে একাংশ আবার কমেডিয়ানের সমর্থনে সরব।
অভিযোগ, মুসলিম সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছেন। ধর্মীয় রীতি নিয়ে রসিকতা করেছেন স্ট্যান্ড আপ কমেডিয়ান সময় রায়না। কী রয়েছে সেই ভাইরাল ভিডিওতে? সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সালমা দেওয়ানি যিনি পেশায় একজন কন্টেন্ট ক্রিয়েটর, পারফরম্যান্স শেষে সময় জানতে চান তাঁর সঙ্গে কেউ আছেন কিনা। প্রতিযোগী উত্তরে জানান, কাজিন (তুতো ভাই) আছেন। হুমা কুরেশি জানতে চান, কাজিনটি কে?

সঙ্গে সঙ্গে সময় তাঁকে থামিয়ে দিয়ে বলেন, “নিশ্চয়ই ওঁর স্বামী হবে।” একথা শুনে অস্বস্তিতে পড়ে যান হুমা। এই রসিকতার পর সময় তাঁর কানে হাত দেন। শোয়ের এই অংশটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নানা মুনির নানা মত। কেউ বলছেন ধর্মীয় গতানুগতিক ধারণার মাধ্যমে মুসলিম সম্প্রদায়কে খোঁচা মেরেছেন সময়। তাঁর রসবোধকে ছিছিক্কার করছে নেটাগরিকের একাংশ। সমালোচকরা রায়নার বিরুদ্ধে সংবেদনশীল ধর্মীয় প্রসঙ্গ ব্যবহারের অভিযোগ করেছেন।
View this post on Instagram
সেই সঙ্গে প্রশ্ন ছুড়েছেন ধর্মীয় ইস্যুকে হাসির উপাদান হিসেবে ব্যবহার করে পুরো সম্প্রদায়কে বিব্রত করে কৌতুক করা উচিত কি না। ইসলামি পণ্ডিত মৌলানা খলিলুর রহমান নূরীও এই মন্তব্যের তীব্র বিরোধীতা করেছে। সতর্কবাণী, ধর্মীয় সম্প্রদায়কে লক্ষ্য করে করা মন্তব্য সামাজিক পরিবেশকে কলুষিত করতে পারে এবং শত্রুতা বাড়াতে পারে। অনেকে আবার মন্তব্যটির পক্ষে যুক্তি দিয়ে বলেছেন যে এই ধরনের রসিকতা শোয়ের কমেডি ফরম্যাটেরই অংশ। নতুন পর্ব ঘিরে বিতর্ক যে বেশ জোরাল হচ্ছে সে কথা বলাই বাহুল্য।
