৭০ দিনের বেশি সকলেই পরিবারের থেকে দূরে। উৎসবের মরশুমে আচমকা বিগ বসের দুর্গে ঢুকে পড়লেন প্রতিযোগীদের প্রিয়জনরা। স্বাভাবিকাভাবেই মঙ্গলবারের পর্বে চোখে জল এল দর্শকদের। তবে সকলের মধ্যে নজর কাড়লেন দুর্নিবার সাহার মা ডালিয়া বসু সাহা। মিষ্টি কথায় তাঁর সৃজলা ও জীতুকে আক্রমণ, ছেলের সঙ্গে গেম প্ল্যান আলোচনা-সবেতেই মুগ্ধ নেটপাড়া। কারও দাবি, এবার দুর্গে ওয়াইল্ড কার্ড এন্ট্রি দেওয়া হোক তাঁকে!

মঙ্গলবারের পর্বে দেখা যায়, প্রথমে দুর্গে আসেন সৃজলার প্রিয় লিমা। যার সঙ্গে ভিয়েতনাম যাওয়ার প্ল্যান রয়েছে অভিনেত্রীর। একাধিকবার জীতুর সঙ্গে বন্ধুত্ব নিয়ে সতর্ক করতেও শোনা যায় তাঁকে। এরপর আসেন সোনামণি সাহার মা। তারপর দুর্গে ঢোকেন দুর্নিবারের মা। তাঁকে দেখেই জড়িয়ে ধরে কেঁদে ফেলেন গায়ক। ছেলেকে সামলে ডালিয়া এগিয়ে এসে একে একে সকল প্রতিযোগীর সঙ্গে কথা বলেন। সেখানেই ছিল টুইস্ট। সকলে এগিয়ে এলেও সৃজলা ও জীতু খানিকটা দূরেই ছিল। আচরণেই স্পষ্ট যে, তাঁরা ইতস্তত বোধ করছিলেন। সেই সময় ডালিয়াদেবীই সৃজলার কাছে এগিয়ে গিয়ে তাঁকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান। এরপর প্রকাশ্যেই বলে বসেন, “শুনলাম, তুমি নাকি দুর্নিবারকে ভয় পেয়েছ?” এই প্রশ্নে খানিকটা থতমত খেয়ে যান সৃজলা। এরপর দুর্নিবারের মা বলেন, “যদিও আমরা কিছুই শুনিনি। সেটা দেখানো হয়নি। তবে ওকে ভয় পাওয়ার কিছু নেই। ও প্রতিবাদ-ঝগড়া করতে পারে না। কেঁদে ফেলে। আর ও সবার জন্য কেয়ারিং।”
এরপর জীতুর খেলার প্রশংসা করেন দুর্নিবারের মা। তবে এক্ষেত্রেও আক্রমণ করতে ছাড়েননি তিনি। বলেন, “জীতু একটা কথা, কারও কর্মা, কেরিয়ার নিয়ে কথা বোলো না, শুনতে খারাপ লাগে। আসলে ও কী করেছে, কতটা করেছে, তুমি তো সেটা জানো না, তাই বলবে না।” এরপর ছেলের সঙ্গে বসে গেম প্ল্যান করতে দেখা যায় তাঁকে। ওঠে মোহর প্রসঙ্গও। তা নিয়ে মুখ না খুললেন সৃজলা-দুর্নিবারকে নিয়ে চাউর হওয়া গুঞ্জন যে তাঁর মোটেই ভালো লাগেনি, তা স্পষ্ট। কয়েক মিনিটেই ডালিয়াদেবীর ব্যক্তিত্ব, আচরণ মুগ্ধ করছে সকলকে। তবে গোটা ঘটনায় খানিকটা অস্বস্তিতে জীতু-সৃজলা। একান্ত তাঁদের বলতে শোনা গেল, “মিষ্টি কথায় জুতো পেটা!”
